ভারতে বিদেশি পুঁজি টানতে ও দেশীয় উৎপাদন শিল্পকে উৎসাহ দিতে মঙ্গলবার লোকসভায় কর এবং অন্যান্য আইন (সংশোধনী) বিল, ২০২৬ পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দেশের অর্থনীতি ঠিক পথে এগোচ্ছে দাবি করে, তুলে ধরলেন ২০২৯-এর মধ্যে তা ৫ লক্ষ কোটি ডলার হওয়ার লক্ষ্য ছোঁবে বলে আইএমএফের এক পূর্বাভাসকেও।
আজ পেশ করা বিলের আওতায় এক দিকে ফান্ড ম্যানেজারদের এ দেশে টেনে আনার চেষ্টা করেছে সরকার। অন্য দিকে যে সমস্ত বিদেশি সংস্থা নির্দিষ্ট বৈদ্যুতিন পণ্য প্রস্তুতকারী ভারতীয় কারখানায় যন্ত্রপাতি জোগায়, তাদের জন্য ২০৪০-৪১ সাল পর্যন্ত আয়করে সুরাহার প্রস্তাব দিয়েছে। মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, ট্যাবলেট, সার্ভার ইত্যাদি রয়েছে তাতে। এখন ৫ বছরের জন্য এই ছাড় মেলে। তা আরও ১০ বছর বৃদ্ধির কথা বলা হয়েছে বিলে। এ ছাড়া, শর্তসাপেক্ষে তুলে দেওয়া হয়েছে ভারতে ডেটা সেন্টার ব্যবহারকারী বিদেশি ক্লাউড সংস্থাগুলির ছাড়পত্রের নিয়ম। নির্দিষ্ট কিছু অনলাইন লেনদেনে চার্জ (এমডিআর) বসানোর পথও প্রশস্ত করা হয়েছে। সে জন্য আয়কর আইনে বদলের কথা বলা হয়েছে।
এর সঙ্গেই নির্মলা জানিয়েছেন, প্রত্যক্ষ বিদেশি লগ্নি নিয়ম শিথিল এবং বিভিন্ন দেশের সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তি হয়েছে। আয়কর এবং জিএসটি সংস্কার, উদ্ভাবন ও ডিজিটাল ক্ষেত্রে জোর, দক্ষ মানবসম্পদ তৈরি এবং জ্বালানি সুরক্ষার কথাও জানিয়েছেন অর্থমন্ত্রী।