মাত্র দু’বছরেই টাকা ডবল! রাখিপূর্ণিমার মুখে ফের লগ্নিকারীদের মুখের হাসি চওড়া করল ভোডাফোন আইডিয়া (ভিআই)। শেয়ারবাজার সূত্রে খবর, চলতি বছরে এখনও পর্যন্ত ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে টেলিকম সংস্থাটির স্টকের দর। শুধু তা-ই নয়, আগামী দিনে মুনাফার অঙ্ক আরও বাড়তে চলেছে বলেও ইঙ্গিত দিয়েছে দেশের তাবড় ব্রোকারেজ ফার্ম।
বুধবার, ২৫ অগস্ট বাজার বন্ধ হলে ১৫.০৬ টাকায় দৌড় থামায় ভিআইয়ের শেয়ার। ২০২৪ সালে টেলিকম সংস্থাটির স্টকের সর্বনিম্ন দাম ছিল প্রায় সাত টাকা। অর্থাৎ দু’বছরে দ্বিগুণেরও বেশি বেড়েছে দর। তাৎপর্যপূর্ণ বিষয় হল, শেষ পাঁচ বছরে ধারাবাহিক ভাবে বাম্পার মুনাফা করেছেন লগ্নিকারীরা। এক কথায়, চাহিদা বেশি থাকায় লাগাতার ঊর্ধ্বমুখী রয়েছে ভোডাফোন আইডিয়ার সূচক।
আরও পড়ুন:
ব্রোকারেজ ফার্মগুলির দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত পাঁচ বছরে ১৫১ শতাংশ বৃদ্ধি পেয়েছে ভিআইয়ের স্টকের দর। একই ভাবে শেষ এক বছরে ১২৪.৪৪ শতাংশ বেড়েছে শেয়ারটির দাম। বছর থেকে দিনের (ইয়ার টু ডেট) হিসাবে এতে মুনাফার অঙ্ক হল প্রায় ৩০ শতাংশ। এ ছাড়া গত পাঁচ দিন, এক মাস এবং ছ’মাসে ৭.০৪, ১৫.৩১ এবং ৩৮.৮০ শতাংশ ঊর্ধ্বমুখী হয়েছে টেলিকম সংস্থাটির সূচক।
সম্প্রতি মূলধনী ব্যয় ঠিক রাখতে তহবিল সংগ্রহের চেষ্টা চালাচ্ছে ভোডাফোন আইডিয়া। সেই লক্ষ্যে আগামী তিন বছরের জন্য ৪৫,০০০ কোটি টাকার প্রয়োজন রয়েছে তাদের। আর তাই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) কাছে ঋণের আবেদন করেছে সংশ্লিষ্ট টেলিকম সংস্থা। সেটা মঞ্জুর হওয়ার দিকে এগোচ্ছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:
মঙ্গলবার, ২৪ অগস্ট এসবিআই ঋণের বিষয়টি প্রায় নিশ্চিত হতেই ছুটতে থাকে ভিআইয়ের শেয়ার। ফলে বিকেলের দিকে ৮.৩ শতাংশ বেড়ে ১৫.২৪ টাকায় পৌঁছোয় এর স্টকের দর, যেটা দিনের মধ্যে সর্বোচ্চ। এ দিন অবশ্য কিছুটা নিম্নমুখী হয়েছে সূচক। ফলে টেলিকম সংস্থাটির শেয়ারের দাম হ্রাস পেয়েছে ০.৮৬ শতাংশ।
(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে লগ্নি বাজারগত ঝুঁকিসাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টকে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার ডট কম কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)