ওয়ালমার্টের প্রকল্পে যোগ দিল পশ্চিমবঙ্গের ক্ষুদ্রশিল্প দফতর। এর আওতায় নেট বাজারের মাধ্যমে পণ্য পৌঁছে যাবে বিশ্বের নানা প্রান্তে। আমেরিকার খুচরো বিপণন সংস্থাটি সাধারণ দোকানের থেকে এখন অনেক বেশি জোর দিচ্ছে অনলাইন বিক্রিতে। তাদের হাত ধরে ক্ষুদ্রশিল্পের প্রসারই লক্ষ্য রাজ্য সরকারের।
সম্প্রতি কলকাতায় ‘ওয়ালমার্ট বৃদ্ধি এমএসএমই কনেক্ট’ সম্মেলনে যোগ দিয়েছিলেন ক্ষুদ্রশিল্প দফতরের সচিব সুমিত গুপ্ত। তিনি জানান, এখন ই-কমার্সের গুরুত্ব অপরিসীম। রাজ্যের নানা রকম পণ্য গোটা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিতে তাই এই ধরনের প্রকল্প উপযোগী। এতে কলকাতার পাশাপাশি, হাওড়া, দুর্গাপুর, শিলিগুড়ি, আসানসোল, খড়্গপুর এবং মালদহের পণ্যে জোর দেওয়া হয়েছে। যেগুলি ওয়ালমার্টের নেট বাজারের মাধ্যমে পাড়ি দেবে আন্তর্জাতিক দুনিয়ায়।
চুক্তি অনুযায়ী, কারিগরকে প্রশিক্ষণ, পণ্যের মান বৃদ্ধি, আন্তর্জাতিক বাজারে যোগ দেওয়ার মতো বিষয়গুলির দেখবে ওয়ালমার্ট। সংস্থার কর্তা অবিনাশ গুপ্ত বলেন, ‘‘পশ্চিমবঙ্গে ক্ষুদ্রশিল্প এবং হস্তশিল্পের বিপুল সম্ভার। চেষ্টা করব এই প্রকল্পের মাধ্যমে এ রাজ্যের আরও শিল্পীকে স্বনির্ভর করে তুলতে। তাঁরা যাতে আধুনিক প্রযুক্তি, যন্ত্রপাতি থেকে শুরু করে সব রকম সুযোগ-সুবিধা পান, খেয়াল রাখা হবে।’’ উল্লেখ্য, ২০১৯-এ চালু হয়েছিল প্রকল্পটি। এখনও পর্যন্ত ১.১৫ লক্ষ ক্ষুদ্রশিল্প সংস্থাকে সাহায্য করেছে ওয়ালমার্ট। ২০২৮-এর মধ্যে সংখ্যাটা ১.৭০ লক্ষে নেওয়ার লক্ষ্য তাদের।