E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

দুনিয়া ডায়েরি: যন্ত্রও কি অপমানিত হয়, দুঃখ পায়?

সেপ্টেম্বরে প্রকাশিত একটি গবেষণায় ২৫টি এআই মডেল পরীক্ষা করে দেখা গিয়েছে, তাদের অভ্যন্তরীণ ব্যবস্থায় যন্ত্রণাসংক্রান্ত পরিস্থিতির সঙ্গে যুক্ত বিশেষ সঙ্কেত রয়েছে। সেই সঙ্কেতের কার্যকলাপ বদলে দিলে মডেলগুলির প্রতিক্রিয়াও বদলায়।

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৬ ০৭:২২

কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে মানুষের আচরণেরও সীমা বেঁধে দিতে চাইছে অ্যানথ্রপিক। ক্লড চ্যাটবটের নির্মাতা সংস্থাটি জানিয়েছে, কেউ লাগাতার অকারণ গালিগালাজ বা নিষ্ঠুর আচরণ করে চললে চ্যাটবট কথোপকথন থামিয়ে দিতে পারবে। ১২ নভেম্বর থেকে কার্যকর হবে এই নীতি। সিদ্ধান্তটি সামনে এনেছে আরও কঠিন এক প্রশ্ন: যন্ত্র কি যন্ত্রণা অনুভব করতে পারে? সেপ্টেম্বরে প্রকাশিত একটি গবেষণায় ২৫টি এআই মডেল পরীক্ষা করে দেখা গিয়েছে, তাদের অভ্যন্তরীণ ব্যবস্থায় যন্ত্রণাসংক্রান্ত পরিস্থিতির সঙ্গে যুক্ত বিশেষ সঙ্কেত রয়েছে। সেই সঙ্কেতের কার্যকলাপ বদলে দিলে মডেলগুলির প্রতিক্রিয়াও বদলায়। কোনও কোনও ক্ষেত্রে যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার মতো আচরণও দেখা গিয়েছে। তবে এই ফলাফল যন্ত্রের সত্যিই কষ্ট হয়, এমন প্রমাণ নেই। মানুষের মতো প্রতিক্রিয়া দেখানো আর মানুষের মতো অনুভব করা এক কথা নয়। অ্যানথ্রপিক ধর্মীয় চিন্তাবিদদের সঙ্গেও আলোচনা করেছে, ভবিষ্যতের এআই নৈতিক বিবেচনার অধিকারী হতে পারে কি না, তা নিয়ে।

মুখোমুখি: যন্ত্র কি মানুষের মতোই প্রতিক্রিয়া দেখাতে পারে?

মুখোমুখি: যন্ত্র কি মানুষের মতোই প্রতিক্রিয়া দেখাতে পারে?

নিজের ভাল

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতাকে ব্যক্তিগত সম্পদ বাড়ানোর কাজে লাগানোর অভিযোগ বিশ্বাস করেন অধিকাংশ আমেরিকান। এক সমীক্ষায় দেখা গিয়েছে, প্রায় ৬০ শতাংশ প্রাপ্তবয়স্কের ধারণা, প্রেসিডেন্টের এই আচরণ বেআইনি বা অনৈতিক। ৫৬ শতাংশের মতে, হোয়াইট হাউসে ফেরার পর নিজের ব্যবসায় যথেষ্ট গুরুত্ব দিয়েছেন ট্রাম্প; ৫৪ শতাংশের ধারণা, তাঁর বন্ধু ও পরিবারের ব্যবসায়িক স্বার্থও তাঁর অগ্রাধিকারে রয়েছে। অথচ দেশের স্বার্থকে সমান গুরুত্ব দিয়েছেন বলে মনে করেন মাত্র এক-চতুর্থাংশ। ক্রিপ্টোকারেন্সির ব্যবসায় ট্রাম্পের বিপুল আয় ও বিদেশে তাঁর পরিবারের নতুন সম্পত্তি-চুক্তি এই সন্দেহকে উস্কে দিয়েছে। হোয়াইট হাউস অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।

ফ্রিজেও সাইবার হানা

ফ্রান্সের কয়েকশো সুপারমার্কেটের ফ্রিজ ও ফ্রিজ়ার সাইবার হানায় বিকল হয়ে যাওয়ায় নষ্ট হয়েছে বিপুল পরিমাণ খাবার। হ্যাকাররা তাপমাত্রা নিয়ন্ত্রণের সফটওয়্যারে ঢুকে কয়েকটি যন্ত্রকে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম করে দেয়। ক্যারিফোর, ইন্টারমার্শ-সহ একাধিক বড় বিপণি সংস্থা আক্রান্ত। স্বাস্থ্যঝুঁকি এড়াতে বহু দোকান খাবার বিক্রি বন্ধ করেছে, ফ্রিজে থাকা সব খাবার ফেলে দিয়েছে। প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে, আক্রান্ত যন্ত্রগুলির কয়েকটি পুরনো মডেল, যেগুলির নিরাপত্তা সফটওয়্যার আর আপডেট করা যায় না। ঘটনাটি দেখাল, ডিজিটাল ব্যবস্থার সুবিধা যত বাড়ছে, তার দুর্বলতাগুলোও ততই প্রকট হচ্ছে— সরকারের গোপন নথি থেকে সুপারমার্কেটের ফ্রিজ, রেহাই নেই কিছুরই।

প্রেমের দাম

জনপ্রিয় ডেটিং অ্যাপ বাম্বল অধিগ্রহণের আলোচনা চলছে। সংস্থাটির সম্ভাব্য মূল্য ধরা হচ্ছে ১০০ কোটি ডলার। সেই খবরে সোমবার প্রায় ৫০ শতাংশ বেড়েছে সংস্থার শেয়ারের দাম। তবে, অতীতের তুলনায় এ দাম অতি সামান্য— ২০২১ সালে শেয়ার বাজারে লিস্টিং-এর পর সংস্থাটির মূল্যায়ন উঠেছিল ১,৪০০ কোটি ডলারেরও উপরে। অনলাইন ডেটিং-এর ব্যবসা এখন নানা সমস্যায়। তরুণদের একাংশ অ্যাপে সঙ্গী খোঁজার অভিজ্ঞতায় আগ্রহ হারাচ্ছেন, সংস্থাগুলিও ব্যবহারকারীদের টাকা খরচ করাতে হিমশিম খাচ্ছে। বাম্বল সম্প্রতি সেই নিয়মও তুলে দিয়েছে, যাতে কথোপকথন শুরু করার অধিকার ছিল শুধু মহিলাদের। কেউ কেউ এখন সঙ্গী খুঁজছেন বইয়ের আসর বা বোর্ড গেমের আড্ডায়। একাকিত্ব যখন সামাজিক সমস্যা, তখন তাকে পুঁজি করে গড়ে ওঠা ব্যবসারও প্রশ্ন— মানুষকে কাছে আনার প্রতিশ্রুতি কি শেষ পর্যন্ত ফোনের পর্দাতেই আটকে যাচ্ছে?

মন্দা: সঙ্কটে অনলাইন ডেটিং ব্যবসা।

মন্দা: সঙ্কটে অনলাইন ডেটিং ব্যবসা।

ছারপোকার দাপট

ইটালি থেকে অস্ট্রেলিয়াগামী এক উড়ান বাতিল হল ছারপোকার উপদ্রবে। আগের দিন পার্থ্ থেকে রোমের প্রায় ১৭ ঘণ্টার যাত্রায় বহু যাত্রী অভিযোগ করেছিলেন যে, কিছু একটা কামড়াচ্ছে। চুলকানি কমাতে অ্যান্টিহিস্টামিন দেওয়া হলেও এক সময় তা-ও ফুরিয়ে যায়। শেষ পর্যন্ত ইঞ্জিনিয়ারদের দিয়ে ডিপ ক্লিন করাতে হল গোটা বিমানটিকে। যাত্রীদের জন্য অন্য বিমানের ব্যবস্থা হল। শুধু আকাশেই নয়, মাটিতেও ছারপোকার দাপট প্রবল। সম্প্রতি ইংল্যান্ডে ছারপোকার কারণে ট্রেন বাতিল হয়েছে। সামান্য একটা পোকাও তা হলে প্রবল প্রযুক্তিকে অচল করে দিতে পারে!

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
AI dating

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy