হঠাৎই শেষ হল আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার বার্ষিক সামরিক মহড়া। ১৮ হাজার দক্ষিণ কোরীয় সেনা এবং আমেরিকার আরও ১১টি বন্ধু দেশের বাহিনীর যোগদানে বেশ চলছিল, কিন্তু নির্ধারিত কর্মসূচির মাত্র অর্ধেক শেষ হতেই দাঁড়ি পড়ল তাতে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই মহড়ায় আমেরিকার বিস্তর খরচ হচ্ছে। কিন্তু আসল কারণ নাকি, উত্তর কোরিয়ার কাছে ভুল বার্তা যাচ্ছে, তাই। দক্ষিণ কোরিয়ার বিদেশমন্ত্রী এই সিদ্ধান্তকে আমেরিকা-দক্ষিণ কোরিয়ার সম্মিলিত বলছেন বটে, তবে ট্রাম্পের সিদ্ধান্ত নিয়ে দক্ষিণ কোরিয়ার কর্তারা আগে থেকে কিছুই জানতেন না! ইরানের বিরুদ্ধে আমেরিকার অভিযানে যোগ দিতে দক্ষিণ কোরিয়া রাজি না-হওয়ায় ট্রাম্প আগে সোলের সমালোচনা করেছিলেন। এ বার খবর, এ বছরেই তিনি দেখা করতে পারেন উত্তর কোরিয়ার সুপ্রিমো কিম জং-উনের সঙ্গে। উত্তর কোরিয়াকে শান্তি আলোচনায় ফেরাতে অতীতে দক্ষিণ কোরিয়া নিজেই এই মহড়া ছোট বা স্থগিত করার পক্ষে ছিল, কিন্তু এখন ট্রাম্প কাউকে না জানিয়ে এ-কাজ করায় বন্ধুর প্রতি বিশ্বাস টলেছে। আমেরিকার সামরিক উপস্থিতি ছিল উত্তর কোরিয়ার হুমকির মুখে সোলের রক্ষাকবচ, এখন আমেরিকা-দক্ষিণ কোরিয়ার কূটনীতি, বাণিজ্য, পরমাণু অস্ত্র নিয়ে সম্পর্ক, সবই না পাল্টে যায়!
চুরির পরে
সিসিলি-তে রেনেসাঁস শিল্পী আন্তোনেল্লো দা মেসিনা-র শহরের জাদুঘর থেকে তাঁর চারটি শিল্পকর্ম চুরি যাওয়ায় সবাই স্তম্ভিত। ইটালির গ্রীষ্মকালীন ছুটির সময়ে মুমে জাদুঘর থেকে এই শিল্পকর্মগুলি উধাও হয়ে যায়। জাদুঘর কর্তৃপক্ষের আশা, শিল্পকর্মগুলির বিশ্বজোড়া খ্যাতিই চোর ধরার সবচেয়ে বড় সহায় হবে। ছবিগুলি সমঝদার-মহলে চেনা, তাই শিল্পবস্তুর খোলা বাজারে বিক্রি করা প্রায় অসম্ভব। পুলিশ ইতিমধ্যেই চোর ধরতে তল্লাশি শুরু করেছে। এর আগে পার্মায় রেনোয়া, সেজ়ান ও মাতিসের তিনটি বিখ্যাত চিত্রকৃতি উদ্ধারের কথা জানান কর্তৃপক্ষ। গত মার্চে মাগনানি রোকা ফাউন্ডেশন থেকে এগুলো চুরি হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজন গ্রেফতার হয়েছে। আন্তোনেল্লোর শিল্পকর্ম চুরি ইটালির শিল্পজগতে এই ধরনের অপরাধের সাম্প্রতিকতম উদাহরণ।
দূষণ কমিয়ে সুফল
পুরনো, দূষণ ছড়ায় বেশি, এমন যানবাহনে বিধিনিষেধ আরোপ করে লন্ডনে চালু হয়েছিল ‘আল্ট্রা লো এমিশন জ়োন’ (ইউলেজ়)। প্রথমে জানা গিয়েছিল, আর এক ব্রিটিশ শহর লুটন-এর তুলনায় লন্ডনবাসী শিশুদের ফুসফুসের ক্ষমতা কম। কিন্তু গবেষণায় দেখা গিয়েছে, ইউলেজ় চালুর পর লন্ডনের শিশুদের ফুসফুসের আকার, কার্যক্ষমতা বাড়ছে, হয়ে উঠেছে লুটনের শিশুদের মতোই। দুর্বল ফুসফুসের কারণে পীড়িত শিশুর হারও কমেছে। গবেষকরা বলছেন, সুফলের একমাত্র কারণ যে ইউলেজ় তা নিশ্চিত নয়, কোভিডকালের দূষণ হ্রাসের প্রভাবও বিবেচ্য। তবে গবেষণায় প্রমাণিত, শিশুর ফুসফুসের পূর্ণ বিকাশে নির্মল বাতাস খুবই গুরুত্বপূর্ণ। বায়ুদূষণের ফলে শৈশবে এই বিকাশ বাধাপ্রাপ্ত হলে তার প্রভাব থাকতে পারে সারা জীবন, কমতে পারে আয়ু।
রোবটাস্ত্র
পার্সেল বাছাই করছে রোবট, মোবাইল ফোন মোড়কবন্দি করছে, ঘরের কাজকর্মেও সাহায্য করছে। বেজিংয়ে বিশ্ব রোবট সম্মেলনে চোখে পড়ল এমনটাই। এত দিন দর্শকদের নানা কসরত প্রদর্শন, হাত-পা ছুড়ে নাচা, ট্র্যাকে দৌড়নো ইত্যাদি ছিল হিউম্যানয়েড রোবটের আকর্ষণ। এখন তা থেকে এক ধাপ উপরে, বৃহত্তর বাণিজ্যিক ব্যবহারের দিকে এগোতে চাইছে চিনের রোবট-শিল্প, তারই কিছু নমুনা দেখা গেল। তিনশোরও বেশি সংস্থা যোগ দিয়েছে সম্মেলনে, অধিকাংশই চিনের। হিউম্যানয়েড রোবট ঘিরে বিনিয়োগে আগ্রহও বাড়ছে দ্রুত, এক চিনা রোবট নির্মাতা সংস্থার শেয়ার বেড়েছে হুহু করে। ঘরের শিল্পক্ষেত্রে নতুন বৃদ্ধির সম্ভাবনা, পাশাপাশি আমেরিকার সঙ্গে প্রযুক্তির টক্করেও চিনের অস্ত্র এখন রোবট।
রাক্ষুসে তাপে
উচ্চচাপ বলয়, তার উপরে এল নিনিয়ো। সব মিলিয়ে দক্ষিণ কোরিয়া, জাপান, হংকং-সহ পূর্ব এশিয়ার বিস্তীর্ণ এলাকায় তাপের তাণ্ডব। দক্ষিণ কোরিয়ায় তাপপ্রবাহে মারা গিয়েছে বহু মানুষ, ৯ লক্ষেরও বেশি গবাদি পশু, প্রায় ১৪ লক্ষ মাছ; খেতে তরমুজ পচে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে স্ট্রবেরি চারা। জাপানে টোকিয়োয় চিড়িয়াখানায় নাকি হিট স্ট্রোকে মারা যাচ্ছে সিংহ। মাটি যেন চুল্লি। মাটিতে হাত ঢুকিয়ে চাষি পাচ্ছেন সেদ্ধ আলু। জলবায়ু পরিবর্তনের বিপদ আর দুয়ারে নয়, এসে পড়েছে জীবনে, তছনছ করছে সব।