অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন-এর (এআইসিটিই) মিট্যাক্স গ্লোবালিঙ্ক রিসার্চ ইন্টার্নশিপ ২০২৭-এর আবেদন পর্ব শুরু হয়েছে। নির্বাচিত পড়ুয়ারা কানাডার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ সপ্তাহ গবেষণা কাজের সুযোগ পাবেন। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তত্ত্বাবধানেই এই গবেষণা করতে হবে। যোগ্য ভারতীয় স্নাতক পড়ুয়ারা আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
কানাডার ৭০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে এই গ্লোবালিংক রিসার্চ ইন্টার্নশিপ-এর সুযোগ পাওয়া যায়। গবেষণার অভিজ্ঞতার পাশাপাশি ইন্টার্নরা বিভিন্ন শিল্পক্ষেত্রের অনুষ্ঠান এবং পেশাগত উন্নয়নমূলক কোর্সে যোগ দেওয়ার সুযোগ পাবেন। আন্তর্জাতিক গবেষণার পদ্ধতি এবং পেশাগত নেটওয়ার্কের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন এ দেশের পড়ুয়ারা। জানা গিয়েছে, নির্বাচিত পড়ুয়াদের ২০২৭-র ১ মে থেকে ৩১ অক্টোবরের মধ্যে টানা ১২ সপ্তাহ ইন্টার্নশিপ করার জন্য প্রস্তুত থাকতে হবে। ইন্টার্নশিপ শুরু হবে ১ মে থেকে ৩১ জুলাই ২০২৭-এর মধ্যে।
প্রতি বছর ভারতের স্নাতকস্তরের ৩০০ যোগ্য পড়ুয়া এই প্রকল্পে যোগদান করার সুযোগ পান। তাঁদের ২০২৭ সালের গ্রীষ্মে কানাডায় গিয়ে ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান, গণিত, সমাজবিজ্ঞান-সহ বিভিন্ন বিষয়ে গবেষণা-প্রকল্পে কাজ করার সুযোগ দেওয়া হবে। তবে এ জন্য নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে পড়ুয়াদের।
আবেদনের জন্য কী কী নথি প্রয়োজন—
১। ভারতীয় নাগরিক হতে হবে। অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠরতেরাই এ সুযোগ পাবেন। এ জন্য প্রতিষ্ঠানের কোনও অধ্যাপকের সুপারিশপত্র জমা দিতে হবে।
২। আবেদনকারীর নিজের দেশের বৈধ পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্টের মেয়াদ অন্তত ২০২৮ সালের জানুয়ারি পর্যন্ত থাকা প্রয়োজন।
৩। আবেদনকারীদের ইঞ্জিনিয়ারিংয়ের পূর্ণসময়ের স্নাতক বা কম্বাইন্ড পিজি-র পড়ুয়া হতে হবে।
৪। আবেদনকারীর বয়স আবেদনের সময় কমপক্ষে ১৮ বছর হতে হবে।
৫। যাঁরা অন্তত দুই বছর স্নাতক স্তরের পড়াশোনা সম্পূর্ণ করেছে বা বর্তমান কোর্সের দ্বিতীয় বর্ষে পাঠরত, তাঁরাই আবেদন করতে পারবেন।
৬। প্রার্থীদের ন্যূনতম ৭০ শতাংশ গ্রেড হতে হবে।
এআইসিটিই এবং মিট্যাক্স জানিয়েছে, ভারতীয় আবেদনকারীদের ইংরেজি ভাষার দক্ষতার কোনও পরীক্ষা দিতে হবে না। তবে নির্বাচিত গবেষণা প্রকল্প যে ভাষায় পরিচালিত হবে, সেই ভাষায় যোগাযোগ ক্ষমতা থাকা প্রয়োজন। প্রকল্পের ভাষা ইংরেজি অথবা ফরাসি হতে পারে।
৭। প্রার্থীরা অন্তত তিনটি এবং সর্বোচ্চ ১০টি গবেষণা প্রকল্প বেছে নিতে পারবেন। এর মধ্যে কানাডার অন্তত তিনটি প্রদেশ সম্পর্কিত প্রকল্প থাকতে হবে।
এ ছাড়া, সম্পূর্ণ জীবনপঞ্জি জমা দিতে হবে। এ ক্ষেত্রে প্রার্থীরা মিট্যাক্স-এর দেওয়া টেমপ্লেট ব্যবহার করতে পারেন ইংরেজি অথবা ফরাসি ভাষায়। আবেদনকারীদের নিজের দেশের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ইংরেজি বা ফরাসি ভাষার দক্ষতার পরীক্ষা দিতে হবে।
প্রকল্প চলাকালীন ভারত ও কানাডার মধ্যে যাতায়াতের জন্য বিমানভাড়া, কানাডার বিমানবন্দর থেকে সে দেশের বাসস্থান পর্যন্ত যাতায়াত, আবাসন এবং ছাত্র নথিভুক্তির ফি বাবদ সমস্ত আর্থিক সমস্ত সহায়তাই দেওয়া হবে পড়ুয়াদের। এ ছাড়াও খাবার ও অন্য আনুষঙ্গিক খরচের জন্য ইন্টার্নরা বিশেষ বৃত্তি পাবেন। জরুরি স্বাস্থ্য বিমার সুযোগ-সুবিধাও থাকবে।