বর্ধমান বিশ্ববিদ্যালয় ২০২৬-২০২৮ শিক্ষাবর্ষের দু’বছর মেয়াদি বিএড কোর্সে ভর্তির প্রক্রিয়া শুরু করেছে। বিশ্ববিদ্যালয়ের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, ফ্রেশার এবং ডেপুটেড— দুই ধরনের প্রার্থীই আবেদন করতে পারবেন। আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ থাকবে।
ইউজিসি নির্দেশিকা মেনে আবেদনে এপিএএআর বা এবিসি আইডি থাকা বাধ্যতামূলক করা হয়েছে। বিজ্ঞান ও গণিত বিষয়ের লাইফ সায়েন্স, ফিজ়িক্যাল সায়েন্স এবং ম্যাথমেটিক্স গ্রুপের বিভিন্ন মেথড সাবজেক্টের উপর এই বিএড কোর্স করার সুযোগ মিলবে। আবেদনের জন্য স্নাতক বা স্নাতকোত্তর স্তরে অন্তত ৫০ শতাংশ নম্বর (ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজির ক্ষেত্রে ৫৫ শতাংশ) থাকতে হবে। তবে সংরক্ষিত বিভাগের প্রার্থীরা নম্বর ও বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। ফ্রেশার প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩০ জুন ২০২৬ অনুযায়ী সর্বোচ্চ ৩৮ বছর নির্দিষ্ট করা রয়েছে।
আরও পড়ুন:
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, ফ্রেশার পরীক্ষার্থীদের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষার প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে অ্যাকাডেমিক গ্রেড পয়েন্ট তৈরি করে মেধাতালিকা প্রকাশ করা হবে। আগামী ২৮ সেপ্টেম্বর সম্ভাব্য র্যাঙ্ক তালিকা প্রকাশের পর ১৩ অক্টোবর হবে প্রথম দফার অনলাইন কাউন্সেলিং। আগামী ৩ নভেম্বর ২০২৬ থেকে ক্যাম্পাসে ক্লাস শুরু ও মূল নথিপত্র যাচাইকরণ করা হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বিশ্ববিদ্যালয়ের তরফে দেওয়া ইমেল আইডি secretary_arts@buruniv.ac.in-তে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।