বিএইচইউ-তে শুরু হল ভেটেরিনারি সায়েন্সে ভর্তি। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ব্যাচেলর অফ ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজব্যান্ড্রি কোর্সে ভর্তির প্রক্রিয়া শুরু করেছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (বিএইচইউ)। যোগ্য প্রার্থীরা বিসবিদ্যালয়ের নিজস্ব পোর্টালে আবেদন করতে পারবেন। নিট-ইউজি ২০২৬-এর স্কোরের ভিত্তিতে এই কোর্সে ভর্তি নেবে বিএইচইউ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রার্থীদের ২০ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে আবেদন সম্পূর্ণ করতে হবে। নির্ধারিত সময়ের পরে আবেদন করলে আসন বরাদ্দের প্রক্রিয়ায় তাঁদের বিবেচনা করা হবে না। বিএইচইউ-এর নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম আসন বরাদ্দ হবে ২৮ সেপ্টেম্বর, দ্বিতীয় আসন বরাদ্দ ১ অক্টোবর এবং তৃতীয় আসন হবে বরাদ্দ ৫ অক্টোবর। তার পর শূন্য আসনের জন্য মপ-আপ রাউন্ডের তথ্য প্রকাশ করা হবে ১৪ অক্টোবর।
আবেদন কী ভাবে করবেন?
১। প্রার্থীদের প্রথমে admission.bhu.ac.in ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
২।তার পর পেজে থাকা BVSc and AH কোর্সের লিঙ্কে ক্লিক করতে হবে।
৩। নিজস্ব ই-মেল ঠিকানা ব্যবহার করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং প্রয়োজনীয় ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য পূরণ করতে হবে।
৪। এর পর নিট-ইউজি ২০২৬-এর রোল নম্বর ও স্কোরের তথ্য দিতে হবে।
৫। নির্ধারিত আবেদন ফি অনলাইনে জমা দিয়ে ফর্ম জমা করতে হবে।
৬। আবেদন শেষে নিশ্চিতকরণ পৃষ্ঠাটি ডাউনলোড করে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখতে হবে।