ষষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রীদের তৃতীয় ভাষা শেখানোর সিদ্ধান্ত এক বছরের জন্য পিছিয়ে দিতে বলল সুপ্রিম কোর্ট। কেন্দ্র দ্বারা নিয়ন্ত্রিত সিবিএসই বোর্ডকে দেশের শীর্ষ আদালত বলেছে, তারা যেন ২০২৭ সালের শিক্ষাবর্ষ থেকে ওই প্রক্রিয়া শুরু করে। যদিও এটি কোনও নির্দেশ নয়। কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত সিবিএসইকে পরামর্শ হিসাবেই এই কথা বলেছে সুপ্রিম কোর্ট। পাল্টা কেন্দ্রীয় সরকারও জানিয়েছে, তারা এ বিষয়ে বিবেচনা করে দেখবে।
বৃহস্পতিবারই এই সংক্রান্ত মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে। তিনি ছাড়া ওই বেঞ্চে ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহন। শুনানি চলাকালীন বিচারপতি বাগচিই পরামর্শ দেন, ষষ্ঠ শ্রেণির অল্পবয়সি পড়ুয়াদের স্বস্তি দিতে বরং সিবিএসই তাদের ত্রি-ভাষা নীতি বলবৎ করার সিদ্ধান্ত এক বছর পিছিয়ে দিক।
একই শুনানিতে বিচারপতি বাগচি এ-ও বলেন যে, ষষ্ঠ শ্রেণির কোনও ছাত্র বা ছাত্রী যদি স্বেচ্ছায় তৃতীয় ভাষার শিক্ষা শুরু করতে চায়, তবে তাদের সেই ভাষা শেখার অনুমতি দেওয়া যেতে পারে। শীর্ষ আদালতের ওই উপদেশ শোনার পরেই অতিরিক্ত সলিসিটর জেনারেল জানান, সিবিএসই বিষয়টি বিবেচনা করে তাদের মতামত জানাবে পরবর্তী শুনানিতে।
সিবিএসই বোর্ডের তৃতীয় ভাষা শিক্ষা নিয়ে দীর্ঘদিন ধরেই মামলা চলছে সুপ্রিম কোর্টে। এক দিকে কেন্দ্র যেখানে ষষ্ঠ শ্রেণি থেকেই একটি বিদেশি ভাষা এবং দু’টি আঞ্চলিক ভাষা শেখানোর ব্যাপারে বদ্ধপরিকর, তখন সুপ্রিম কোর্ট বলেছিল, কেন্দ্রীয় সরকার যেন পরিকাঠামোর কথা মাথায় রেখে বিষয়টি নতুন করে বিবেচনা করে।