Advertisement
E-Paper

অষ্টম থেকে দশমের পড়ুয়াদের জন্য সিবিএসই-র সায়েন্স চ্যালেঞ্জ, বিনামূল্যে মিলবে যোগদানের সুযোগ

বোর্ড অধীনস্থ স্কুলের অষ্টম, নবম ও দশম শ্রেণির পড়ুয়ারা এই প্রতিযোগিতায় যোগ দিতে পারবে। এ জন্য কোনও আবেদন মূল্য নেই। দু’টি পর্যায়ে এই প্রতিযোগিতা হবে— প্রথমে স্কুল স্তরে এবং পরে আন্তঃস্কুল স্তরে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৬ ১০:৫৯
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

পড়ুয়াদের বৈজ্ঞানিক যুক্তিচিন্তা, বিশ্লেষণাত্মক দক্ষতা এবং সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধিতে ‘সায়েন্স চ্যালেঞ্জ ২০২৬-২৭’-এর আয়োজন করছে সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। বোর্ড অধীনস্থ স্কুলের অষ্টম, নবম ও দশম শ্রেণির পড়ুয়ারা এই প্রতিযোগিতায় যোগ দিতে পারবে। এ জন্য কোনও আবেদন মূল্য নেই। দু’টি পর্যায়ে এই প্রতিযোগিতা হবে— প্রথমে স্কুল স্তরে এবং পরে আন্তঃস্কুল স্তরে।

প্রথম রাউন্ড কবে?

প্রথম রাউন্ডের জন্য ৩০ অক্টোবর ২০২৬-এর মধ্যে নাম নথিভুক্ত করতে হবে। পরীক্ষা হবে ২ নভেম্বর থেকে ১৩ নভেম্বরের মধ্যে, সংশ্লিষ্ট স্কুলেই। ৬০ মিনিটের এই পরীক্ষায় বহুবিকল্পভিত্তিক প্রশ্নের উত্তর দিতে হবে। পরীক্ষার শুরুর ও শেষের সময় নথিভুক্ত করার দায়িত্ব থাকবে শিক্ষক-শিক্ষিকাদের।

প্রথম রাউন্ডে উত্তীর্ণ পড়ুয়াদের মধ্যে থেকে প্রতিটি স্কুল অষ্টম, নবম ও দশম শ্রেণি থেকে দু’জন করে মোট ছ’জনকে দ্বিতীয় রাউন্ডের জন্য বেছে নেবে। এই পর্বে পড়ুয়াদের পারফরম্যান্সের ভিত্তিতে মনোনয়ন করা হবে।

দ্বিতীয় রাউন্ডের পরীক্ষা কবে?

দ্বিতীয় রাউন্ডটি হবে কম্পিউটার-ভিত্তিক আন্তঃস্কুল প্রতিযোগিতা। এই পর্বে যোগদানের জন্য ১৭ নভেম্বর থেকে ২৫ নভেম্বর ২০২৬-এর মধ্যে পর্ষদের নির্দিষ্ট পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে। পরীক্ষার সম্ভাব্য সময় ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর ২০২৬।

দ্বিতীয় রাউন্ডে উত্তরের নির্ভুলতার পাশাপাশি কত দ্রুত উত্তর দেওয়া হচ্ছে, তার উপরেও গুরুত্ব দেওয়া হবে। প্রথম রাউন্ডে সমান নম্বর পাওয়া পড়ুয়াদের মধ্যে যিনি কম সময়ে উত্তর জমা দেবেন, তাঁকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড।

দ্বিতীয় রাউন্ডে যোগদানকারী সকল পড়ুয়াকে অনলাইন শংসাপত্র দেওয়া হবে। পাশাপাশি, সেরা পারফর্মারদের বিশেষ স্বীকৃতি দেওয়ার কথাও জানিয়েছে বোর্ড। প্রতিযোগিতা সংক্রান্ত কোনও প্রশ্ন থাকলে স্কুলগুলি cbsesciencechallenge@cbseshiksha.in ই-মেল ঠিকানায় যোগাযোগ করা যাবে।

CBSE

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy