ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) দিল্লির কন্টিনিউয়িং এডুকেশন প্রোগ্রাম-এর (সিইপি) উদ্যোগে সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডিপ-টেক স্টার্ট-আপ বিষয়ক এগ্জ়িকিউটিভ প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। এটি দ্বিতীয় ব্যাচ। ছ’মাসের এই প্রোগ্রামে যোগদানকারীরা এআই এবং হাই-পারফরম্যান্স কম্পিউটিং -এর জন্য প্রয়োজনীয় সেমিকন্ডাক্টর ও ফোটোনিক ডিভাইস সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন।
পাশাপাশি প্রযুক্তির বাণিজ্যিকীকরণ, মেধাস্বত্ব কৌশল, অর্থসংস্থান এবং স্টার্ট-আপ সম্প্রসারণ বিষয়েও শিক্ষা দেওয়া হবে। আইআইটি দিল্লির নিজস্ব ওয়েবসাইট অনুযায়ী, অনলাইন এই প্রোগ্রাম শুরু হবে ৯ জানুয়ারি ২০২৭ এবং শেষ হবে ১২ জুন ২০২৭। আবেদনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৬। নির্ধারিত সময়ের পরে কোনও আবেদন গ্রহণ করা হবে না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
কোর্সের বিষয়
প্রোগ্রামটির মূল বিষয় তিনটি— সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিপ-টেক স্টার্ট-আপ। মোট ৮০ ঘণ্টার লাইভ অনলাইন ক্লাস থাকবে। এর পাশাপাশি ফোটোনিক্স সম্পর্কে ধারণা দেওয়া হবে, যেখানে যোগাযোগ ও কম্পিউটিংয়ের ক্ষেত্রে আলোর ব্যবহার নিয়ে আলোচনা করা হয়।
পাঠ্যক্রমে ছয়টি গুরুত্বপূর্ণ মডিউল রয়েছে— ডিপ-টেকের জন্য সেমিকন্ডাক্টর ও ফোটোনিক্সের মূল বিষয়, উন্নত সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক ডিভাইস, কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য ফোটোনিক্স ডিভাইস, সেমিকন্ডাক্টর ক্ষেত্রে ডিপ-টেক উদ্যোক্তা, কেস স্টাডি ও শিল্পক্ষেত্রের সঙ্গে যোগাযোগ এবং ডিপ-টেক স্টার্টআপের জন্য পিচিং ও অর্থসংস্থান।
কারা আবেদন করতে পারবেন?
যে কোনও বিষয় নিয়ে স্নাতকেরা এই কোর্সে ভর্তি হতে পারবেন। তবে কর্মরত পেশাদার, গবেষক, ইঞ্জিনিয়ার এবং প্রযুক্তিভিত্তিক উদ্যোগ শুরু করতে আগ্রহী ব্যক্তিদের কথা মাথায় রেখেই মূলত প্রোগ্রামটি তৈরি করা হয়েছে।
আবেদন ফি
প্রোগ্রামটির মোট ফি ১,৫০,০০০ টাকা, এর সঙ্গে ১৮ শতাংশ জিএসটি অতিরিক্ত। প্রার্থীরা চাইলে কিস্তিতেও ফি জমা দিতে পারবেন। নির্ধারিত শর্ত পূরণ করলে তবেই যোগদানের শংসাপত্র পাবেন পড়ুয়ারা। অন্তত ৪০ শতাংশ উপস্থিতি থাকলেই যোগদানের শংসাপত্র পাওয়া যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে সফল ভাবে কোর্স সম্পূর্ণ করার শংসাপত্রের জন্য অন্তত ৪০ শতাংশ উপস্থিতির পাশাপাশি ন্যূনতম ৫০ শতাংশ নম্বরও পেতে হবে পড়ুয়াকে। সমস্ত শংসাপত্র ডিজিটাল মাধ্যমে পাওয়া যাবে এবং তা আইআইটি দিল্লির সিইপি-এর পক্ষ থেকে ইস্যু করা হবে।