ডিএলইএড (ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন) কোর্সে ভর্তির সুযোগ দিচ্ছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (ডব্লুবিবিপিই)। ২০২৬-২০২৮ শিক্ষাবর্ষের দুই বছরের ডিএলইএড কোর্সে ভর্তির আবেদনের শেষ দিন বৃদ্ধি করেছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ইচ্ছুক প্রার্থীরা আগামী ২৫ জুলাই, শনিবার মধ্যরাত পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল বা প্রাইমারি স্কুল কাউন্সিলের অধীনে কর্মরত যোগ্য এবং অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকরাও এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন। তাঁরা ডিআইইটি’স, সরকারি, সরকারি স্পনসরড বা স্বনির্ভর বেসরকারি প্রতিষ্ঠানে নিয়মিত পদ্ধতিতে ভর্তির সুযোগ পাবেন।
ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষকদের জন্য কিছু নিয়মাবলী রয়েছে:
প্রার্থীরা বিভিন্ন ডিএলইএড শিক্ষাপ্রতিষ্ঠান বেছে নেওয়ার জন্য একাধিক আবেদন জমা দিতে পারবেন।
কর্মরত প্রাথমিক শিক্ষকদের ভর্তির জন্য সংশ্লিষ্ট ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে অনাপত্তি পত্র (এনওসি) জমা দিতে হবে।
কারা আবেদন করতে পারবেন?
পর্ষদের নির্দেশিকায় জানানো হয়েছে, উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় সাধারণ বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক। তবে তফশিলি জাতি, তফশিলি উপজাতি, ওবিসি, প্রতিবন্ধী এবং প্রাক্তন সেনাকর্মীদের জন্য নম্বরের ক্ষেত্রে পাঁচ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ, এই সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা উচ্চমাধ্যমিকে ৪৫ শতাংশ নম্বর থাকলেই আবেদন করতে পারবেন। আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য বয়সের ছাড়ও থাকবে।
উচ্চ মাধ্যমিকে ‘বেস্ট ফাইভ’ বা সর্বোচ্চ নম্বর প্রাপ্ত পাঁচটি বিষয়ের ভিত্তিতে শিক্ষার্থীদের বাছাই করা হবে। ওই বিষয়গুলির মধ্যে প্রথম এবং দ্বিতীয় ভাষায় প্রাপ্ত নম্বরকে গ্রাহ্য করা হলেও পরিবেশবিদ্যায় প্রাপ্ত নম্বরকে গ্রাহ্য করা হবে না। এ ক্ষেত্রে কোর্সের পঠনপাঠন বাংলা, হিন্দি, নেপালি কিংবা সাঁওতালি মাধ্যমে করতে পারবেন পড়ুয়ারা। তবে, এ জন্য দ্বাদশে প্রথম ভাষা হিসাবে উল্লিখিত ভাষার মধ্যে যে কোনও একটিতে পাশ করতে হবে। দ্বিতীয় ভাষা হিসাবে ইংরেজি থাকা আবশ্যক।
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার জন্য প্রয়োজনীয় ডিএলএড কোর্সের মেয়াদ দু’বছর। পড়ুয়ারা ন্যাশনাল কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (এনসিটিই) দ্বারা স্বীকৃত এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট কোর্সটি করতে পারবেন।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
আগ্রহীরা প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে পারবেন। তাঁদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, উচ্চমাধ্যমিক কিংবা সমতুল পরীক্ষার মার্কশিট, ছবি, স্বাক্ষরের মতো নথি জমা দিতে হবে। আবেদনমূল্য হিসাবে ১,০০০ টাকা, ৭৫০ এবং ৫০০ টাকা ধার্য করা হয়েছে। ২৫ জুলাই আবেদনের শেষ দিন। এই বিষয়ে বিস্তারিত জানতে পর্ষদের ওয়েবসাইট দেখে নিতে হবে।