দিল্লি বিশ্ববিদ্যালয়ে হিন্দি বিষয়ে পিএইচডি-তে ভর্তির জন্য ইন্টারভিউ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। পড়ুয়াদের বিক্ষোভের কারণে সেই ইন্টারভিউ স্থগিত করেছে বিশ্ববিদ্যালয়।
ইন্টারভিউয়ের জন্য খুব কম সময় দেওয়া এবং সীমিত সংখ্যক প্রার্থীকে বাছাই করার অভিযোগ তুলে পড়ুয়ারা ইন্টারভিউ দিতে আপত্তি জানান। এর পরেই হিন্দি বিভাগ ২৮, ২৯, ৩০ ও ৩১ অক্টোবর এবং ২ নভেম্বর ২০২৬-এ নির্ধারিত ইন্টারভিউ স্থগিত করেছে। নতুন সূচি কবে প্রকাশিত হবে, তা এখনও জানাননি কর্ত়়ৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ে ২৭ অক্টোবর সন্ধ্যায় বিজ্ঞপ্তি প্রকাশ করে পরের দিন সকাল থেকেই ইন্টারভিউ নেওয়ার কথা জানানো হয়েছিল। ফলে প্রস্তুতি নেওয়া এবং অন্য রাজ্য থেকে দিল্লিতে যাতায়াতের ব্যবস্থা করার জন্য প্রার্থীরা পর্যাপ্ত সময় পাননি বলে অভিযোগ ওঠে।
১৫০-র বেশি আসন, তবু সীমিত প্রার্থী বাছাই নিয়ে প্রশ্ন
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৮ অক্টোবর সকাল ৯টা ১৫ মিনিটে প্রার্থীদের রিপোর্ট করতে বলা হয়েছিল। বিজ্ঞপ্তি প্রকাশ ও ইন্টারভিউয়ের মধ্যে এত কম সময়ের ব্যবধান নিয়ে পড়ুয়ারা প্রশ্ন তোলেন। পাশাপাশি, ১৫০-র বেশি আসন থাকা সত্ত্বেও কেন সীমিত সংখ্যক প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে, তা নিয়েও আপত্তি ওঠে পড়ুয়াদের মধ্যে।
বিশ্ববিদ্যালয়ের একাধিক সংগঠনের দাবি, হিন্দিতে পিএইচডি-র জন্য আবেদন করা সমস্ত প্রার্থীকে ইন্টারভিউয়ে যোগদানের সুযোগ দিতে হবে। পাশাপাশি, জাতীয় যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় (নেট) উত্তীর্ণ প্রার্থী এবং ‘শুধুমাত্র পিএইচডি’ বিভাগের জন্য যোগ্য আবেদনকারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে।
নতুন বিজ্ঞপ্তির অপেক্ষায় প্রার্থীরা
বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হলেও বিশ্ববিদ্যালয়ের পিএইচডি-তে ভর্তির সম্পূর্ণ প্রক্রিয়া বাতিল করা হয়নি। নতুন সূচিতে ইন্টারভিউয়ের তারিখ, বাছাই করা প্রার্থীর সংখ্যা কিংবা বাছাইয়ের নিয়মে কোনও পরিবর্তন হবে কি না, তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এ ছাড়া, যাতায়াতের ব্যবস্থা করার আগে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ঘোষণা দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।