আবার পড়াশোনায় ফিরতে চান অথবা নিজেদের শিক্ষাগত যোগ্যতা উন্নত করতে চান, এমন আগ্রহী পড়ুয়াদের জন্য ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কম্পিট্যান্স এনহ্যান্সমেন্ট স্কিম-এ (সিইএস) আবেদন গ্রহণ পর্ব শুরু করেছে দিল্লি বিশ্ববিদ্যালয়।
জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০-এর অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং আজীবন শেখার সুযোগ তৈরির লক্ষ্যকে মেনে এই প্রকল্প চালু করেছে বিশ্ববিদ্যালয়। এতে নির্দিষ্ট যোগ্যতা থাকলে শিক্ষার্থীরা নিয়মিত পড়ুয়াদের সঙ্গে ক্লাস করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে থাকা কম্পিটেন্স এনহ্যান্সমেন্ট স্কিম সংক্রান্ত বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন করতে পারবেন।
নিয়মিত ক্লাসের সুযোগ
এই প্রকল্পের অধীনে প্রার্থীরা নিজেদের শিক্ষাগত যোগ্যতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিষয় বেছে নিতে পারবেন। বিশ্ববিদ্যালয় জানিয়েছে, সংশ্লিষ্ট বিষয়ের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এবং অতিরিক্ত কোন শর্ত থাকলে আবেদনকারীকে তা পূরণ করতে হবে। তবে ভর্তি সম্পূর্ণ ভাবে নির্ভর করবে সংশ্লিষ্ট বিভাগ বা কলেজে শূন্য আসনের উপর।
দিল্লি বিশ্ববিদ্যালয় এ-ও জানিয়েছে, সিইএস-এর ভর্তি হবে অতিরিক্ত আসনের মাধ্যমে। এই আসনগুলি নিয়মিত ভর্তির আসন থেকে পৃথক থাকবে। ফলে এই প্রকল্পের ভর্তি প্রক্রিয়া অন্য শিক্ষার্থীদের জন্য নির্ধারিত আসন বা সুযোগের ওপর প্রভাব ফেলবে না।
সারা বছর আবেদন করা যাবে
দিল্লি বিশ্ববিদ্যালয় জানিয়েছে, সিইএস-এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং সারা বছর খোলা থাকবে। আগ্রহী প্রার্থীরা দিল্লি বিশ্ববিদ্যালয় এবং ইনস্টিটিউট অফ লাইফলং লার্নিং-এর ওয়েবসাইটে গিয়ে ইচ্ছে মতো কোর্স, যোগ্যতার নিয়ম, ফি এবং আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন।