Advertisement
E-Paper

দশ দিনের বেশি সময়সীমা বৃদ্ধি করেও শুরু হল না গেট-এর রেজিস্ট্রেশন, কী জানাল আইআইটি মাদ্রাজ?

এ বার নতুন বিষয় হিসাবে পরীক্ষায় ‘রোবোটিক্স অ্যান্ড অটোমেশন’ যুক্ত হয়েছে। আয়োজক প্রতিষ্ঠান আইআইটি মাদ্রাজ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আবেদনের প্রক্রিয়া সফল ভাবে সম্পন্ন করতে প্রার্থীদের আগে থেকেই তাঁদের ডিজিলকার অ্যাকাউন্ট তৈরি বা আপডেট করে রাখতে হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৬ ১৯:২১

ছবি: এআই সহায়তায় তৈরি।

প্রথমে ঠিক ছিল ২০২৭-এর জন্য ১৪ অগস্ট থেকে রেজিস্ট্রেশন শুরু হবে গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং বা ‘গেট’-এর। পরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) মাদ্রাজ জানাল, রেজিস্ট্রেশনের দিন পিছিয়ে ২৭ অগস্ট করা হয়েছে। তবে, ২৭ অগস্ট পেরিয়ে গেলেও শুরু হল না গেট-এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া। নতুন ভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করে আইআইটি মাদ্রাজ জানাল, খুব শীঘ্রই আবেদনের পরিবর্তিত নতুন তারিখ প্রকাশ করা হবে।

জানানো হয়েছে, রেজিস্ট্রেশনের দিন চূড়ান্ত হওয়ার পর, সেই দিন থেকে যোগ্য প্রার্থী ও আগ্রহীরা গেট-এর অফিশিয়াল পোর্টাল gate2027.iitm.ac.in-এ গিয়ে আবেদন জানাতে পারবেন। ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি ও বিজ্ঞানের স্নাতকোত্তর স্তরে ভর্তি এবং একাধিক রাষ্ট্রায়ত্ত সংস্থায় চাকরির জন্য প্রয়োজনীয় এই পরীক্ষার সমস্ত আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে ‘গেট অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেসিং সিস্টেম’-এর (জিওএপিএস) মাধ্যমে।

আবেদন কী ভাবে করবেন?

প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট gate2027.iitm.ac.in-এ যেতে হবে।

সেখান থেকে ‘জিওএপিএস’ পোর্টালে যেতে হবে।

রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিজের নাম, ঠিকানা ও শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত তথ্য পূরণ করতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে।

নির্দেশিকা অনুযায়ী ফেসিয়াল ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে।

নির্ধারিত আবেদনমূল্য জমা দিয়ে আবেদনপত্রটি ‘সাবমিট’ করতে হবে এবং ভবিষ্যতের জন্য কনফার্মেশন পেজটি ডাউনলোড করে রাখতে হবে।

২০২৭-এর আবেদন প্রক্রিয়া সম্পন্নের জন্য অসংরক্ষিত শ্রেণির জন্য ২,০০০ টাকা এবং মহিলা ও সংরক্ষিত শ্রেণির (এসসি, এসটি ও পিডব্লিউডি) জন্য ১,০০০ টাকা করে ফি বরাদ্দ করা হয়েছে। সময়ের মধ্যে আবেদন করতে না পারলে ‌অতিরিক্ত সময়ে অসংরক্ষিত শ্রেণির জন্য ২,৫০০ টাকা এবং মহিলা ও সংরক্ষিত শ্রেণির জন্য ১,৫০০ টাকা দিয়ে আবেদন করতে হবে।

পরীক্ষা হবে ২০২৭ সালের ৬, ৭, ১৩, ১৪, ২০ ও ২১ ফেব্রুয়ারি মোট ৩০টি বিষয়ের উপর। এ বার নতুন বিষয় হিসাবে পরীক্ষায় ‘রোবোটিক্স অ্যান্ড অটোমেশন’ যুক্ত হয়েছে। আয়োজক প্রতিষ্ঠান আইআইটি মাদ্রাজ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আবেদনের প্রক্রিয়া সফল ভাবে সম্পন্ন করতে প্রার্থীদের আগে থেকেই তাঁদের ডিজিলকার অ্যাকাউন্ট তৈরি বা আপডেট করে রাখতে হবে। কারণ, এ বার আবেদনের সময়ে ডিজিলকার অ্যাকাউন্ট যুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে।

gate Registration

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy