Advertisement
E-Paper

‘আইইএলটিএস’ স্কোর কতদিন বৈধ? মেয়াদ বৃদ্ধিতে সব দেশেই কি এক নিয়ম?

শুধুই ভাল নম্বর পাওয়াই শেষ কথা নয়, বিদেশে পড়াশোনা, স্কলারশিপ বা ভিসার আবেদন সফল করতে আইইএলটিএস স্কোরের মেয়াদকাল জানা সমান ভাবে জরুরি। কারণ সামান্য ভুল গণনায় স্কোরের মেয়াদ ফুরিয়ে গেলে আটকে যেতে পারে সম্পূর্ণ বিদেশযাত্রার পরিকল্পনা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৬ ০৮:৫৮
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

বিদেশে উচ্চশিক্ষা বা নতুন ক্যারিয়ার গড়ার স্বপ্ন থাকে বহু শিক্ষার্থীর। বিশ্বমঞ্চে সেই স্বপ্নের সিংহদুয়ার খুলে দেওয়ার চাবিকাঠি হল ‘আইইএলটিএস’। আন্তর্জাতিক স্তরে নিজের যোগ্যতার প্রমাণ দিতে এই পরীক্ষার ভূমিকা অপরিসীম। তবে শুধুই ভাল নম্বর পাওয়াই শেষ কথা নয়, বিদেশে পড়াশোনা, স্কলারশিপ বা ভিসার আবেদন সফল করতে আইইএলটিএস স্কোরের মেয়াদকাল জানা সমান ভাবে জরুরি। কারণ সামান্য ভুল গণনায় স্কোরের মেয়াদ ফুরিয়ে গেলে আটকে যেতে পারে সম্পূর্ণ বিদেশযাত্রার পরিকল্পনা।

বিশ্ববিদ্যালয় বা ভিসার আবেদন জমা দেওয়ার আগে আইইএলটিএস স্কোরের মেয়াদ যাচাই করে নেওয়া অত্যন্ত জরুরি। কারণ নির্দিষ্ট মেয়াদের পর পুরনো আইইএলটিএস স্কোর আর গ্রহণযোগ্য থাকে না।

আইইএলটিএস কী?

‘আইইএলটিএস’ অর্থাৎ ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। এটি এমন একটি আন্তর্জাতিক পরীক্ষা, যার মাধ্যমে ইংরেজিভাষী নয়, এমন দেশের নাগরিকদের ইংরেজি ভাষার সার্বিক ক্ষমতা পরিমাপ করা হয়। একজন প্রার্থীর ইংরেজিতে শোনার, পড়ার, লেখার এবং কথা বলার ক্ষমতা ঠিক কতটা, তা এই চার ভাগে পরখ করে দেখা হয়।

আইইএলটিএস স্কোরের মেয়াদ কত দিন?

সাধারণ নিয়ম অনুযায়ী, আইইএলটিএস পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ থেকে পরবর্তী দু’বছর পর্যন্ত এই স্কোরের মেয়াদ থাকে। ‘টেস্ট রিপোর্ট ফর্ম’-এ লেখা থাকে মেয়াদকাল। এ ছাড়াও, সেখানে রিজ়নিং, রিডিং, রাইটিং ও স্পিকিং— এই চার বিভাগের আলাদা স্কোর এবং ওভারঅল ব্যান্ড স্কোরও উল্লেখ থাকে।

দু’বছর পেরিয়ে গেলে বেশির ভাগ বিশ্ববিদ্যালয়, চাকরির আবেদন বা ভিসা প্রক্রিয়ার ক্ষেত্রে স্কোরটিকে মেয়াদ উত্তীর্ণ বা নিষ্ক্রিয় হিসেবে গণ্য করা হয়। এই মেয়াদের পর আবেদন করতে হলে শিক্ষার্থীকে ফের আইইএলটিএস পরীক্ষায় বসতে হয়।

মেয়াদ বৃদ্ধির কোনও সুযোগ রয়েছে কি?

সাধারণ পড়াশোনা বা চাকরির ক্ষেত্রে এই দু’বছরের সময়সীমা বাড়ানোর কোনও আইনত সুযোগ নেই। তবে, অস্ট্রেলিয়ার দক্ষ অভিবাসন প্রক্রিয়ার মতো নির্দিষ্ট কিছু ক্ষেত্রে তিন বছর পর্যন্ত স্কোর গ্রহণযোগ্য হতে পারে।

দেশভিত্তিক আইইএলটিএস-এর মেয়াদের নিয়মাবলী:

বিশ্বের বেশির ভাগ দেশই আইইএলটিএস-এর এই দু’ বছরের স্ট্যান্ডার্ড মেয়াদ নীতি মেনে চলে। আমেরিকা, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড— এই দেশগুলির বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তি বা স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করার ক্ষেত্রে আইইএলটিএস স্কোর দু’বছরের বেশি পুরনো হওয়া চলে না। এমন কি, যাঁরা কানাডায় স্থায়ী বসবাসের জন্য আবেদন করছেন, তাঁদের পুরো আবেদন প্রক্রিয়া চলাকালীন আইইএলটিএস স্কোরের মেয়াদ যাতে বজায় থাকে, সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া থাকে।

তাই, বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি, স্কলারশিপ বা ভিসা পাওয়ার ক্ষেত্রে কোনও জটিলতা এড়াতে শিক্ষার্থীরা যাতে তাঁদের আইইএলটিএস স্কোরের মেয়াদ আগেভাগেই মেপে পরিকল্পনা করেন, তারই পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, বিশ্বের ১৪০টিরও বেশি দেশের প্রায় ১১,০০০ সংস্থা ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় এই আইইএলটিএস পরীক্ষার স্কোর গ্রহণ করে থাকে। ভারতে আইইএলটিএস পরীক্ষা পদ্ধতিতে বদল আসতে চলেছে। আগামী সেপ্টেম্বর মাস থেকে এ দেশে এই পরীক্ষা সম্পূর্ণ ভাবে কম্পিউটার ভিত্তিক (সিবিটি) ভাবে নেওয়া হবে। পরীক্ষার অন্যতম পরিচালন সংস্থা ‘আইডিপি এডুকেশন’-এর তরফে এমনটাই ঘোষণা করা হয়েছে। পরীক্ষা পদ্ধতি ডিজিটাল ও আধুনিক হওয়ায় ভারতীয় পরীক্ষার্থীদের সামগ্রিক অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পরিচালন সংস্থা।

Foreign Universities

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy