ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (ইগনু) একাধিক বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে। জুলাই ২০২৬ শিক্ষাবর্ষে নতুন ভর্তির সময়সীমা ফের বৃদ্ধি করল ইগনু। পড়ুয়ারা মুক্ত এবং দূরশিক্ষা (ওডিএল) এবং অনলাইন মাধ্যমের সব কোর্সের ক্ষেত্রেই আগামী ৩১ অক্টোবর পর্যন্ত আবেদনের এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। পূর্ব নির্ধারিত সময়ের মধ্যে যাঁরা ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি, তাঁদের সুবিধার্থেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দূরশিক্ষার বিভিন্ন কোর্সে ভর্তির জন্য ইগনু-র নির্দিষ্ট ওডিএল অ্যাডমিশন পোর্টালে গিয়ে আবেদন করতে হবে। অন্য দিকে, সম্পূর্ণ অনলাইন কোর্সের ক্ষেত্রে পড়ুয়াদের অনলাইন অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে।
জুলাই ২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক স্তরে একাধিক কোর্সে পড়ার সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠান। তালিকায় রয়েছে, ব্যাচেলর অফ আর্টস, ব্যাচেলর অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন, ব্যাচেলর অফ কমার্স, ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনস, ব্যাচেলর অফ সায়েন্স এবং ব্যাচেলর অফ সোশ্যাল ওয়ার্ক।
একই ভাবে স্নাতকোত্তর স্তরেও এমবিএ, এমসিএ, এমকম এবং বিভিন্ন বিষয়ে এমএ করার সুযোগ থাকছে। পাশাপাশি, পেশাদার ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তথ্যপ্রযুক্তি, ম্যানেজমেন্ট, ভাষা শিক্ষা ও পরিবেশ বিদ্যার মতো বিভিন্ন বিষয়ে ডিপ্লোমা কোর্সও করাচ্ছে বিশ্ববিদ্যালয়।
আরও পড়ুন:
-
উচ্চমাধ্যমিকে মোবাইল নিয়ে ধরা পড়েছে ১৫ জন, তৃতীয় সেমেস্টারের শেষে সংসদ জানাল প্রকাশ করা হবে ‘আনসার কি’
-
নিয়োগের ইন্টারভিউ বাকি, চতুর্থী থেকে ধর্নায় প্রাথমিক চাকরিপ্রার্থীরা, নতুন দায়িত্ব নিয়ে কী বললেন রবিরঞ্জন?
-
সরকারি শিক্ষাব্যবস্থায় আস্থা ফেরাতে চান মধ্যশিক্ষা পর্ষদের নবনিযুক্ত সভাপতি, আমূল সংস্কারের পরিকল্পনা
কী ভাবে আবেদন করবেন?
পড়ুয়াদের প্রথমে ইগনু-র ওয়েবসাইটে (http://ignouadmission.samarth.edu.in)-এ যেতে হবে। সেখান থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। এর পর পড়ুয়াদের ব্যক্তিগত এবং শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্য পূরণ করতে হবে। শেষে আবেদনমূল্য-সহ আবেদনপত্র জমা দিতে হবে। এ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ইগনুর ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।