প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করতে চলেছেন ‘পরম প্রজ্ঞা’-র। আইআইটি দিল্লি-র ৫৭তম সমাবর্তন উৎসবে এই হাই-পারফরম্যান্স সুপারকম্পিউটার-এর উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী।
আগামী ৮ অগস্ট আয়োজিত হতে চলেছে আইআইটি দিল্লি-র সমাবর্তন অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে সেখানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সকাল ১১টা থেকে অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা। এই সমাবর্তন উৎসবে বিভিন্ন বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি কোর্সের তিন হাজারেরও বেশি শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হবে। এঁদের মধ্যে ৫৮৭ জন পিএইচডি গবেষক রয়েছেন। অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে প্রতিষ্ঠানের সর্বোচ্চ সম্মাননা তুলে দেবেন প্রধানমন্ত্রী মোদী। এর মধ্যে রয়েছে রাষ্ট্রপতির স্বর্ণপদক, পরিচালকের স্বর্ণপদক, শঙ্করদয়াল শর্মা স্বর্ণপদক এবং পারফেক্ট টেন স্বর্ণপদক।
এই সমাবর্তন অনুষ্ঠানের অন্যতম বিশেষ দিক হতে চলেছে নতুন সুপারকম্পিউটিং প্রযুক্তি ‘পরম প্রজ্ঞা’-র উদ্বোধন। কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এই হাই-পারফরম্যান্স সুপারকম্পিউটারটি আইআইটি দিল্লির সোনিপথ ক্যাম্পাসে স্থাপন করা হয়েছে, যা আনুষ্ঠানিক ভাবে প্রধানমন্ত্রী মোদীর উদ্বোধন করার কথা রয়েছে।
আরও পড়ুন:
-
দেশের বাইরে পড়াশোনা থেকে রাষ্ট্রায়ত্ত সংস্থায় চাকরি, গেট কী এবং কারা দেবেন? রইল খুঁটিনাটি
-
ভুল নথিতে ভর্তি নিলে ১ লক্ষ টাকা জরিমানা! ১১টি নতুন কোর্সের কথা জানাল এনবিইএমএস, নতুন কোর্সগুলি কী কী?
-
পাঠ্যপুস্তকে জোর দেওয়া হচ্ছে উত্তর-পূর্ব ভারতের ইতিহাস ও ঐতিহ্যকেও, সংসদে জানালেন কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী
সূত্রের খবর, ‘পরম প্রজ্ঞা’ চালুর ফলে আইআইটি দিল্লির গবেষণা ব্যবস্থায় বেশ সুবিধে হবে। গবেষক, শিক্ষক এবং শিক্ষার্থীরা অত্যন্ত জটিল বৈজ্ঞানিক ও প্রকৌশল সংক্রান্ত সমস্যার সমাধান করতে এই শক্তিশালী প্রযুক্তি ব্যবহার করতে পারবেন বলেই আশা করা যাচ্ছে। এর সাহায্যে বড় মাপের এআই মডেল তৈরি, ডেটা-ভিত্তিক প্রজেক্ট এবং অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে আরও গভীর ভাবে কাজ করা সম্ভব হবে বলেই মনে করছে শিক্ষামহলের একাংশ।