ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), দিল্লি-তে স্নাতকোত্তরে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। সরাসরি প্রতিষ্ঠানের তরফে মাস্টার অফ টেকনোলজি (এমটেক) কোর্সে ভর্তি নেওয়া হবে। আইআইটি দিল্লির বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য এই ভর্তিপ্রক্রিয়ার ব্যবস্থার করা হয়েছে।
প্রতিষ্ঠানের তরফে মেশিন ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্সেস, টেক্সটাইল অ্যান্ড ফাইবার ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লায়েড মেকানিক্স, বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং; হিউম্যানিটিজ় অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস, ইন্ডাস্ট্রিয়াল ডিজ়াইন, পাবলিক পলিসি-সহ ইঞ্জিনিয়ারিং শাখার বিভিন্ন বিষয়ে ভর্তি নেওয়া হবে।
যে সমস্ত পড়ুয়া স্নাতক স্তরে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেয়েছেন, তাঁরাই উল্লিখিত বিষয় নিয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) কিংবা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) উত্তীর্ণ হওয়া আবশ্যক।
এর জন্য প্রার্থীদের একটি রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে। এর পর তাঁরা ভর্তি হতে ১৩ জুলাই থেকে ১৪ জুলাই স্পট অ্যাডমিশনের জন্য আইআইটি দিল্লিতে আসতে পারবেন। সরাসরি ওই দিনই নথি যাচাই করে ভর্তি নেওয়া হবে। এ ক্ষেত্রে আগে কোনও আইআইটি প্রতিষ্ঠানে কোনও আসন পেয়েছেন, এমন প্রার্থীদের ভর্তি নেওয়া হবে না।