স্কুলের গণ্ডী পেরিয়ে প্রবেশিকা দিয়ে তার পরে আইআইটি-র প্রশিক্ষণ নয়। স্কুলে পড়তে পড়তেও মিলতে পারে আইআইটির প্রশিক্ষণ। তেমন সুযোগ দেয় আইআইটি মাদ্রাজ। এবছরও সেই বিশেষ কোর্সের করতে আগ্রহী পড়ুয়াদের কাছ থেকে আবেদন চেয়ে নোটিস দিল ওই শিক্ষা প্রতিষ্ঠান।
প্রতি বছরই এক বিশেষ ‘স্কুল কানেক্ট প্রোগ্রাম’-এর অধীনে ওই প্রশিক্ষণ দেয় আইআইটি মাদ্রাজ। মূলত ছাত্রছাত্রীদের চেনা পড়াশোনার বাইরে ভবিষ্যতের উচ্চশিক্ষার বিষয়টি বুঝে নেওয়ার সুযোগ দিতেই এই প্রশিক্ষণ। যা অনলাইনে দেওয়া হয়। প্রশিক্ষণ পর্বটি চলে টানা আট সপ্তাহ বা প্রায় দু’মাস ধরে।
আগামী ৫ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা প্রশিক্ষণ। তার আগে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হবে বলে জানিয়েছে আইআইটি মাদ্রাজ।
কারা ওই প্রশিক্ষণ নিতে পারে?
আগে দশম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা ওই প্রশিক্ষণ নিতে পারত। তবে এ বছর যোগ্যতার মাপকাঠিতে কিছু বদল আনা হয়েছে। এ বছর নবম শ্রেণির ছাত্রছাত্রীরাও ওই প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন।
কী কী বিষয় বেছে নিতে পারে পড়ুয়ারা?
ছাত্রছাত্রীদের কাছে ১৭টি বিষয়ের মধ্যে পছন্দের বিষয় বেছে নেওয়ার সুযোগ থাকে। যার মধ্যে রয়েছে— ডেটা সায়েন্স ও এআই, এয়ারোস্পেস, সাইবার সিকিউরিটি, ইলেকট্রনিক সিস্টেম, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, মলিকিউলার ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার অ্যান্ড ডিজ়াইন, প্রডাক্ট ডিজ়াইন, আইন, ইকনমিক্স অ্যান্ড ফিন্যান্স, হিউম্যানিটিজ়, ইকোলজি, ডিজিটাল হিউম্যানিটিজ়, গেম টেকনোলজি, ম্যাথেমেটিক্স অ্যান্ড কম্পিউটিং এবং ইঞ্জিনিয়ারিং বায়োলজিকাল সিস্টেম।
কী ভাবে আবেদন করতে হবে?
অভিভাবক আর পড়ুয়ারা এ ব্যাপারে আগ্রহী হলে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যে সমস্ত স্কুল তাদের ছাত্রছাত্রীদের এই সুযোগ দিতে চায়, তারা আইআইটি মাদ্রাজের কোড স্কুল কানেক্ট পোর্টালের মাধ্যমে নাম নথিভুক্ত করতে পারে।
আইআইটি মাদ্রাজ এ পর্যন্ত এ ব্যাপারে ৪৯০০ স্কুলের সঙ্গে হাত মিলিয়ে ওই প্রশিক্ষণ দেওয়ার কাজ করেছে। কম পক্ষে ১ লক্ষ ৭৫ হাজার পড়ুয়া ওই প্রশিক্ষণ নিয়েছে।