Advertisement
E-Paper

ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তিতে বিকেন্দ্রীভূত কাউন্সেলিং নিয়ে আগের সিদ্ধান্ত প্রত্যাহার জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের, সকলের ফের সুযোগ, বিজ্ঞপ্তি প্রকাশ

উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় এ দিন সমাজমাধ্যমে আবেদন করেছেন, অভিভাবক এবং ছাত্রছাত্রীরা যেন অযথা আতঙ্কিত না হন। আগের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। দ্রুত পরবর্তী পর্যায়ের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হবে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৬ ১৭:৪৫

— সংগৃহীত।

ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির ক্ষেত্রে বিকেন্দ্রীভূত কাউন্সেলিং সংক্রান্ত আগের সিদ্ধান্ত থেকে অবশেষে পিছু হটল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। রবিবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বোর্ড জানিয়েছে, গত ২৭ তারিখে জারি করা বিজ্ঞপ্তির সংশ্লিষ্ট সিদ্ধান্ত প্রত্যাহার করা হচ্ছে। ফলে, ইতিমধ্যে কোনও কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যাওয়া ছাত্রছাত্রীরা ফের বিষয় বা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পাবেন।

এর আগে বোর্ডের তরফে জানানো হয়েছিল, রাজ্যে ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার ও ফার্মাসি কোর্সে যে সমস্ত পড়ুয়া ইতিমধ্যেই কাউন্সেলিংয়ের মাধ্যমে কোনও কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গিয়েছেন, তাঁরা আর বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে অংশগ্রহণের সুযোগ পাবেন না। এই সিদ্ধান্ত ঘিরেই পড়ুয়াদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তাঁদের একাংশের অভিযোগ ছিল, এর ফলে মেধার যথাযথ মূল্যায়ন হচ্ছে না।

পড়ুয়াদের বক্তব্য, কেউ বেশি নম্বর পাওয়ার ভিত্তিতে কোনও একটি বিষয় বা প্রতিষ্ঠানে ভর্তি হলেও, পরবর্তী পর্যায়ে নিজের পছন্দ অনুযায়ী বিষয় বা কলেজ পরিবর্তনের সুযোগ থেকে তাঁরা বঞ্চিত হচ্ছিলেন। ফলে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে অংশ নেওয়ার সুযোগ না থাকায় অনেকেই তাঁদের মেধা ও পছন্দ অনুযায়ী আরও ভাল বিকল্প বেছে নিতে পারতেন না।

জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে আগে যুক্তি দেওয়া হয়েছিল, জুলাই মাসে তিন দফার কাউন্সেলিং ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। যে সব পড়ুয়া ইতিমধ্যেই ভর্তি হয়ে গিয়েছেন, তাঁরা তিনবার কলেজ ও বিষয়ভিত্তিক রেজিস্ট্রেশন, আপগ্রেডেশেন এবং এডিটিংয়ের সুযোগ পেয়ে ভর্তি হয়েছেন। এখন তাঁদের আবার বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে ভর্তির সুযোগ দিলে কেন্দ্রীভূত কাউন্সেলিংয়ের কোনও গুরুত্বই থাকে না। পুরনোদের আবার সুযোগ দিলে নতুনরা ফের বঞ্চিত হবেন। সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে ক্লাসও শুরু হয়ে গিয়েছে। ওই সব পড়ুয়ারা নতুন করে মাঝপথে আবার ভর্তির সুযোগ পেলে ফের বহু প্রতিষ্ঠানে আসন ফাঁকা হবে। তাই যাঁরা এখনও কোথাও ভর্তি হতে পারেননি, তাঁদের সুযোগ দেওয়ার কথা ভেবেই বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যে ভর্তি হয়ে যাওয়া পড়ুয়াদের বাড়তি সুযোগ দেওয়া হবে না বলেও জানানো হয়।

তবে এই সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহল থেকে আপত্তি ওঠে। পড়ুয়া ও সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের অভিযোগের পর বিষয়টিতে হস্তক্ষেপ করে উচ্চশিক্ষা দফতর। শেষ পর্যন্ত আগের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। বোর্ড জানিয়েছে, খুব শীঘ্রই সংশোধিত বিকেন্দ্রীভূত কাউন্সেলিং বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। একই সঙ্গে সংশোধিত কাউন্সেলিং সূচিও আলাদাভাবে বোর্ডের সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এ দিন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় সমাজমাধ্যমে পোস্ট করেন, ‘‘জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের বিকেন্দ্রীভূত কাউন্সেলিং নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে কিছু আশঙ্কা তৈরি হয়েছিল। বর্তমান সরকার মেধার সঙ্গে কোনও আপস করবে না। একইসঙ্গে সরকার কলেজ ভিত্তিক ভর্তির নামে মেধাতালিকায় না থাকা পড়ুয়াদের ভর্তিও নিয়ন্ত্রণে আনার পক্ষে। বিষয়টি নজরে আসার পরই এ সংক্রান্ত সংশোধনী প্রকাশ করা হয়েছে। দ্রুত কাউন্সেলিং প্রক্রিয়া সংক্রান্ত বিবরণ পৃথক বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হবে। এই বিকেন্দ্রীভূত কাউন্সেলিং এবারই প্রথম করছে বোর্ড। ফলে অভিভাবক ও ছাত্রছাত্রীদের অযথা আতঙ্কিত হওয়া থেকে বিরত থাকার অনুরোধ করছি।’’

WBJEE counselling

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy