পরীক্ষা দিতে ভিন্ রাজ্যের ভিন্ শহরে যেতে হতে পারে। তেমন হলে সংরক্ষণ করতে হবে ট্রেন, বাস বা বিমানের টিকিট। পরীক্ষার ২০ দিন আগে তাই কোন শহরে পরীক্ষা হবে, তার তথ্য জানানো হয়েছিল পরীক্ষার্থীদের। পরে জানা গেল, সে ব্যাপারে ভুল তথ্য গিয়ে থাকতে পারে পরীক্ষার্থীদের কাছে।
ঘটনাটি ঘটেছে চিকিৎসা বিজ্ঞানের স্নাতকোত্তর পাঠের সর্বভারতীয় প্রবেশিকা নিট (পিজি)-র পরীক্ষার্থীদের সঙ্গে।
পরীক্ষার আয়োজক সংস্থা ন্যাশনাল বোর্ড অফ এগজ়ামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সেস (এনবিইএমএস) একটি বিবৃতি দিয়ে বলেছে, ‘‘প্রযুক্তিগত গোলযোগের কারণে এসএমএস মারফত ভুল শহরের নাম পৌঁছেছে কিছু পরীক্ষার্থীর কাছে। তবে বোর্ড এখন সেই তথ্যজনিত ভুল শুধরে নিয়েছে। সঠিক তথ্য সম্পন্ন এসএমএস এবং ইমেল পাঠানো হয়েছে পরীক্ষার্থীদের কাছে। তাঁরা চাইলে এনবিইএমএস-এর ওয়েবসাইটে গিয়েও সঠিক তথ্য পেতে পারবেন।’’
দেশে চিকিৎসা বিজ্ঞানের স্নাতক স্তরের প্রবেশিকা নিট (ইউজি) নিয়ে বিতর্কের রেশ পুরোপুরি কাটেনি এখনও। এর মধ্যেই নিট (পিজি)-র পরীক্ষা কেন্দ্র নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় প্রশ্ন তুলেছেন পরীক্ষার্থীদের একাংশ।
অনেকেই বলেছেন, কোন শহরে পরীক্ষা দিতে যাবেন সেই তথ্যের ভুলে কোনও পরীক্ষার্থী টিকিট সংরক্ষণ করে ফেলতেই পারতেন। সে ক্ষেত্রে তাঁকে পরে সঠিক তথ্য পাওয়ার পরে বাড়তি ভোগান্তি পোহাতে হত।
এনবিইএমএস তাদের বিবৃতিতে জানিয়েছে, পরীক্ষাকেন্দ্র কোন শহরে পরেছে, তা জানার জন্য যেন পরীক্ষার্থীরা তাঁদের ওয়েবসাইটের তথ্যেই ভরসা করেন। ভুয়ো ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য থেকে সতর্ক থাকতেও বলা হয়েছে নিট (পিজি)-র পরীক্ষার্থীদের।