স্কুলে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির বিজ্ঞান শিক্ষকদের জন্য ৪০ সপ্তাহের অনলাইন ডিপ্লোমা কোর্স চালু করছে এনসিইআরটি। ‘ডিপ্লোমা কোর্স ইন টিচিং অফ সায়েন্স অ্যাট মিডল স্টেজ’ নামে এই কোর্সটি কর্মরত বা প্রশিক্ষণরত শিক্ষকদের জন্য।
বিজ্ঞানের বিষয়ভিত্তিক জ্ঞান বৃদ্ধির পাশাপাশি মধ্য স্তরে বিজ্ঞান পড়ানোর প্রয়োজনীয় শিক্ষণ-পদ্ধতি ও পেডাগজিক্যাল দক্ষতা তৈরিতে গুরুত্ব দেওয়া হবে।
রেজিস্ট্রেশন
এ বছরের জন্য রেজিস্ট্রেশন শুরু হবে ১২ অক্টোবর ২০২৬ থেকে। আবেদন করা যাবে ১২ নভেম্বর পর্যন্ত ‘এনসিইআরটিএক্স লার্নিং’ প্ল্যাটফর্মের মাধ্যমে।
গত কয়েক বছরে আমূল বদলে গিয়েছে শিক্ষণ পদ্ধতি। তাই এই কোর্সে শেখানো হবে, কী ভাবে মাল্টিমিডিয়া-ভিত্তিক ইন্টারঅ্যাক্টিভ শিক্ষা সামগ্রীর সাহায্যে বিভিন্ন বিষয় পড়ুয়াদের শেখানো হবে। প্রাথমিক ধারণা গড়ে দেওয়ার পাশাপাশি কী ভাবে বিষয়ের গভীরে যাওয়া যাবে, তার বাস্তবসম্মত প্রশিক্ষণ দেওয়া হবে। ক্লাসে পড়ানোর ক্ষেত্রেও এই শিক্ষাসামগ্রীগুলি ব্যবহার করতে পারবেন শিক্ষক-শিক্ষিকারা।
আরও পড়ুন:
কোর্সের সময়সূচি
কোর্সটি শুরু হবে ১৬ নভেম্বর ২০২৬ এবং ৩১ আগস্ট ২০২৭-এর মধ্যে তা শেষ হবে। মোট ৪০টি মডিউল থাকবে। প্রতি সোমবার একটি করে নতুন মডিউল চালু হবে এবং প্রতিটি মডিউল সম্পূর্ণ করতে প্রায় ৬ থেকে ৮ ঘণ্টা সময় লাগবে।
মূল্যায়ন ও শংসাপত্র
আরও পড়ুন:
প্রতিটি মডিউলের শেষে একটি করে অবজেক্টিভ পরীক্ষা থাকবে। প্রতিটি পরীক্ষা ১৫ দিন পর্যন্ত খোলা থাকবে, ফলে নিজের সুবিধা মতো পরীক্ষা দেওয়া যাবে। সব ক’টি মডিউল সম্পূর্ণ করে ৪০টি পরীক্ষাতেই বসতে হবে। তবেই চূড়ান্ত পরীক্ষায় বসার যোগ্যতা অর্জন করবেন শিক্ষার্থীরা।
চূড়ান্ত পরীক্ষা নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে হবে এবং পরীক্ষার তারিখ পরে জানানো হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। সফল ভাবে কোর্স শেষ করলে এনসিইআরটি-এর তরফে ‘টিচিং অব সায়েন্স অ্যাট মিডল স্টেজ’ বিষয়ে ই-সার্টিফিকেট দেওয়া হবে। অনলাইনেও এই কোর্স করা যাবে।