ন্যাশনাল বোর্ড অফ এগ্জামিনেশনস ইন মেডিকেল সায়েন্সেস (এনবিইএমএস) আগামী ৩০ অগস্ট (রবিবার) আয়োজন করতে চলেছে নিট পিজি ২০২৬। সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই পরীক্ষা চলবে। পরীক্ষার্থীরা এনবিইএমএস-এর সরকারি ওয়েবসাইট nbe.edu.in থেকে সরাসরি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
সরকারি, বেসরকারি, ডিমড এবং কেন্দ্রীয় চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্সে ভর্তির জন্য এই সর্বভারতীয় পরীক্ষাটি পরিচালিত হয়। পরীক্ষার ফল এবং ইন্টার্নশিপের জন্য কাট অফ তারিখ আগামী ৩০ সেপ্টেম্বর ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
প্রয়োজনীয় সময়সূচি—
পরীক্ষাকেন্দ্র খোলা হবে ও রেজিস্ট্রেশন শুরু: সকাল ৭:০০টা।
প্রবেশের শেষ সময়: সকাল সাড়ে ৮টা (নির্ধারিত সময়ের পর কোনও পরীক্ষার্থীকেই কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না)।
পরীক্ষার্থী লগ-ইন উইন্ডো: সকাল ৮:৪৫।
নির্দেশাবলী পড়ার সময়: সকাল ৮:৫০।
পরীক্ষার সময়: সকাল ৯:০০টা থেকে দুপুর সাড়ে ১২টা।
পরীক্ষা কেন্দ্রের প্রয়োজনীয় নিয়ম—
১। নিট পিজি ২০২৬-এর প্রিন্টেড অ্যাডমিট কার্ড, ছবি-সহ যে কোনও বৈধ পরিচয়পত্র ( আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট) সঙ্গে রাখতে হবে। পাশাপাশি, মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া (এমসিআই) অথবা স্টেট মেডিক্যাল কাউন্সিল প্রদত্ত রেজিস্ট্রেশন সার্টিফিকেট সঙ্গে রাখা প্রয়োজনীয়। বিদেশি নাগরিকদের জন্য তাঁদের পাসপোর্ট এবং নিজ দেশে চিকিৎসক হিসেবে কাজের বৈধ নথি সঙ্গে রাখতে হবে।
এনবিইএমএস জানিয়েছে, কোনও বিশেষ শারীরিক অসুস্থতার মেডিক্যাল নথি না থাকলে ফেস মাস্ক পরার অনুমতি দেওয়া হবে না। পরিচয়পত্র যাচাই এবং নকল রুখতে সমস্ত কেন্দ্র সিসিটিভি নজরদারির আওতায় থাকবে।
আরও পড়ুন:
২। পরীক্ষা কেন্দ্রে কোনও ধরনের কলম, কাগজ, রবার, মেমোরি ড্রাইভ বা লেখার প্যাড আনা যাবে না। মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর, ব্লুটুথ ডিভাইস বা যে কোনও বৈদ্যুতিন যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ করা রয়েছে। এ ছাড়া আংটি, কানের দুল, চেন, বালা, মানিব্যাগ, বেল্ট, সানগ্লাস এবং কোনও প্রকার খাদ্যসামগ্রী নিয়ে পরীক্ষাকেন্দ্রের ভিতরে ঢোকা যাবে না।
৩। পুরুষদের ক্ষেত্রে হালকা, সাধারণ পোশাক (বিশেষ করে হাফ-হাতা শার্ট বা টি-শার্ট) এবং সাধারণ চটি বা জুতো পরতে হবে। মোটা সোলের জুতো পরা এড়িয়ে চলা ভাল। মেয়েদের ক্ষেত্রে ফুল-হাতা বা ভারী নকশাদার জামাকাপড় এবং প্রিন্টেড জিন্স পরা যাবে না। কানের দুল, নোলক, ব্রেসলেট বা গয়না পরা নিষিদ্ধ। সাধারণ ও আরামদায়ক হাফ-হাতা পোশাক পরার পরামর্শ দেওয়া হয়েছে।