Advertisement
E-Paper

নিট পুনঃপরীক্ষার ফলপ্রকাশ ২০ জুলাইয়ের মধ্যেই, কী ভাবে দেখা যাবে প্রাপ্ত নম্বর?

নিট পুনঃপরীক্ষার ফল দেখার জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি-র (এনটিএ) ওয়েবসাইট-এ গিয়ে অ্যাডমিট কার্ডের তথ্য জমা দিতে হবে। তাই ওই নথি পরীক্ষার্থীদের হাতের কাছে থাকা জরুরি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৬ ১৪:৪৫

ছবি: সংগৃহীত।

নিট পুনঃপরীক্ষা শেষ হওয়ার পর এক মাস হতে বাকি আর কয়েকটা দিন। এখনও পরীক্ষার চূড়ান্ত ‘আনসার কি’ প্রকাশিত হয়নি। তবে, ওই পরীক্ষার সম্ভাব্য উত্তর সঙ্কেত এবং ওএমআর রেসপন্স শিট ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। মনে করা হচ্ছে, পরীক্ষার ফল ২০ জুলাইয়ের মধ্যেই ঘোষণা করা হবে।

নিট পুনঃপরীক্ষার সম্ভাব্য উত্তর সঙ্কেত বা প্রভেশনাল আনসার কি এবং ওএমআর রেসপন্স শিট বিষয়ক আপত্তি খতিয়ে দেখছেন বিশেষজ্ঞেরা। সংবাদসংস্থা সূত্রে খবর, আয়োজক সংস্থার এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, পরীক্ষার্থীদের যাবতীয় আপত্তি পর্যালোচনা করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

কী ভাবে ফলাফল দেখবেন?

ফল দেখার জন্য পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডে থাকা অ্যাপ্লিকেশন নম্বর ছাড়াও জন্মতারিখের তথ্য সঙ্গে রাখতে হবে। ওয়েবসাইট-এ লগ-ইন করার পর একটি পাসওয়ার্ড (সিকিউরিটি পিন) দিয়ে স্কোরকার্ড দেখার আবেদন জানাতে হবে। আবেদন গৃহীত হলে প্রাপ্ত নম্বর সংক্রান্ত তথ্য দেখে নিতে পারবেন পড়ুয়ারা। যদি ওয়েবসাইট-এ তথ্য না দেখা যায়, সে ক্ষেত্রে কিছুক্ষণ পর নতুন করে চেষ্টা করতে হবে।

আনুষ্ঠানিক ভাবে দিন ঘোষণা না করা হলেও পরীক্ষার্থীদের জন্য এমবিবিএস-এর পঠনপাঠন শুরু হওয়ার আগেই নিট ইউজি-র পুনঃপরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে মনে করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত এমবিবিএস-এর কাউন্সেলিং-এর দিন ঘোষণা করা হয়নি। তবে, উল্লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার পর ডেন্টাল সার্জারি-সহ মেডিক্যাল শাখার বিভিন্ন বিষয়ে স্নাতকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে।

প্রশ্নফাঁস কেলেঙ্কারির জেরে নতুন করে ২১ জুন নিট ইউজি নেওয়া হয়েছিল। ওই প্রবেশিকা শেষ হওয়ার চারদিনের মধ্যে সম্ভাব্য উত্তর সঙ্কেত প্রকাশ করে এনটিএ। তার ভিত্তিতে ১০ হাজারেরও বেশি আপত্তি জমা পড়েছে জানিয়েছে আয়োজক সংস্থা। ওই আপত্তির সাপেক্ষে শীঘ্রই ফাইনাল ‘আনসার কি’ প্রকাশিত হবে।

উল্লেখ্য, পরীক্ষার্থীদের ওএমআর-এর পাতা স্ক্যান করছে এনটিএ। মিলিয়ে দেখছে তাঁদের আপত্তিগুলোও। আয়োজক সংস্থা জানিয়েছে, স্বচ্ছতার স্বার্থে সার্বিক ভাবে সব খতিয়ে দেখার কাজ করা হচ্ছে। দ্রুতই ফল প্রকাশের দিন ঘোষণা করা হবে।

National Testing Agency Exam Results

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy