নতুন শিক্ষাবর্ষ শুরুর পর তিন মাস পেরিয়েছে। এখনও সব স্কুলে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি) নবম শ্রেণির সব বই পৌঁছে দিতে পারেনি। সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই বই ছাপানোর কাজ সম্পূর্ণ হয়েছে। অগস্টের মধ্যে সব স্কুলে তা পৌঁছে যাবে।
ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন, ২০২৩ অনুযায়ী নতুন করে সব বইয়ের পাঠক্রম তৈরি করা হয়েছে। জানা গিয়েছে, প্রথম থেকে অষ্টম শ্রেণির সব বই ডিজিটাল মাধ্যম থেকে ডাউনলোড করে নেওয়া যাবে। এ ছাড়াও কেনার সুযোগ পাবে পড়়ুয়ারা। তবে, এখনই নবম শ্রেণির সব বই পাওয়া যাবে না।
এনসিইআরটি-র এক আধিকারিক জানিয়েছেন, দশম এবং একাদশ শ্রেণির পড়ুয়াদের পুরনো বই পড়তে হবে। চলতি শিক্ষাবর্ষে তাঁদের জন্য নতুন করে কোনও বই ছাপানো হচ্ছে না। ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে দশম এবং একাদশের জন্য নতুন বই প্রকাশিত হবে।
জাতীয় শিক্ষানীতি মেনেই প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তরের সব পাঠ্যবইয়ের পাঠক্রম তৈরি করার কাজ চলেছে। সম্প্রতি অষ্টম এবং নবম শ্রেণির সমাজবিজ্ঞানের পাঠ্যবইয়ের বিষয়বস্তু নিয়ে বিতর্ক হওয়ায় তা নতুন করে আবার সংশোধন করা হয়েছে।