বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতি সংক্রান্ত নয়া নির্দেশিকা প্রকাশ করল উচ্চশিক্ষা দফতর। তা নিয়েই শোরগোল পড়েছে শিক্ষা মহলে। শিক্ষকদের একাংশের দাবি, এই নির্দেশের ফলে শিক্ষকেরা সঙ্কটে পড়তে পারেন বলে আশঙ্কা।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সংগঠন জুটার সভাপতি পার্থপ্রতিম রায় জানান, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষকদের পদোন্নতি হয় রাজ্যের আইন মেনেই। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ২০১০ এবং ২০১৬ সালের বিধির উপরে নির্ভর করে রাজ্য সরকার পদোন্নতি বিধি প্রকাশ করে ২০১৭ সালে। তার পর থেকে সেই বিধির উপর ভিত্তি করেই পদোন্নতি হচ্ছিল। কিন্তু ২০১৮ সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নয়া পদোন্নতি বিধি প্রকাশ করলেও রাজ্য সরকার নতুন করে কোনও নির্দেশ দেয়নি। বুধবার সেই বিধি প্রকাশ করল উচ্চশিক্ষা দফতর।
নয়া নির্দেশিকায় বলা হয়েছে, গোটা রাজ্যে এই বিধি কার্যকর হবে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে। ফলে নতুন করে আইনি জট তৈরি হবে বলে দাবি শিক্ষকদের একাংশের। ২০২৫-এর ১ জানুয়ারি থেকে ২০২৬-এর জুলাই পর্যন্ত বহু শিক্ষকের পদোন্নতি হয়েছে। সে ক্ষেত্রে ২০১৬ সালের নির্দেশ মান্য করা হয়েছে। কিন্তু নতুন বিধি যদি ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হয়, তা হলে এই সময়ের মধ্যে পদোন্নতি পাওয়া শিক্ষকদের কী হবে? তাঁদের পদোন্নতি কি বাতিল হয়ে যাবে? বর্ধিত বেতনের কী হবে?
কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন কুটার সাধারণ সম্পাদক সাগরময় ঘোষ বলেন, ‘‘যে শিক্ষকেরা আগের আইন মেনে পদোন্নতি পেয়েছেন তাঁরা যেন এই নতুন নির্দেশিকার ফলে অসুবিধায় না পড়েন, তা সরকারকে দেখতে হবে। আমাদের আবেদন নির্দেশিকার জন্য শিক্ষকদের যেন সমস্যায় পড়তে না হয়।”