এনটিএ ১০ আগস্ট একটি বিবৃতিতে জানিয়েছে, সম্ভাব্য উত্তর সঙ্কেতে কোনও অসঙ্গতি থাকলে পরীক্ষার্থীরা উপযুক্ত প্রমাণ-সহ নির্ধারিত সময়ের মধ্যে ‘অবজেকশন উইন্ডো’-র মাধ্যমে উত্তর চ্যালেঞ্জ করতে পারবেন। সে ক্ষেত্রে প্রতিটি উত্তরের জন্য প্রার্থীদের ২০০ টাকা ফি জমা করতে হবে।
পড়ুয়ারা অভিযোগ করেছেন, উত্তরপত্রের কোনও প্রশ্নের সঠিক উত্তর নিয়ে আপত্তি জানাতে ২০০ টাকা ফি কেন দিতে হবে তাঁদের? সেই বিষয়ে এবার জবাব দিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। সংস্থার দাবি, এই ফি নেওয়ার উদ্দেশ্য হল ভিত্তিহীন আপত্তির সংখ্যা কমানো। কারণ, অতিরিক্ত সংখ্যক অযৌক্তিক চ্যালেঞ্জের কারণে ফলাফল তৈরির প্রক্রিয়ায় দেরি হতে পারে। এই কারণেই বৃহস্পতিবার গভীর রাতে এক্স হ্যান্ডলে পোস্ট করে এনটিএ জানায়, উত্তরপত্র চ্যালেঞ্জের ব্যবস্থা এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে কোনও আপত্তির সত্যতা প্রমাণ হলে তার সুফল শুধু আপত্তি জানানো পরীক্ষার্থী নয়, সকলেই পান।
আরও পড়ুন:
এনটিএ-র ব্যাখ্যা অনুসারে, কোনও পরীক্ষার্থী একটি প্রশ্নের উত্তর নিয়ে আপত্তি জানালে সেটি সেই বিষয়ের বিশেষজ্ঞদের কাছে পাঠানো হবে। বিশেষজ্ঞরা আপত্তিটি সঠিক বলে মনে করলে, সংশোধিত উত্তরপত্রের ভিত্তিতে তা মূল্যায়ন করা হবে এবং তার পর সেই সংশোধনটি সকল পরীক্ষার্থীর ক্ষেত্রেই প্রযোজ্য হবে। অর্থাৎ, একজন পরীক্ষার্থীর করা একটি বৈধ আপত্তির ভিত্তিতেই লক্ষাধিক পরীক্ষার্থীর মূল্যায়নে সংশোধন হতে পারে।
এনটিএ জানিয়েছে, কোনও চ্যালেঞ্জ বিশেষজ্ঞদের যাচাইয়ে সঠিক প্রমাণিত হলে সেই প্রশ্নের জন্য জমা দেওয়া ২০০ টাকা পরীক্ষার্থীকে ফেরত দেওয়া হবে। তা ছাড়া ভিত্তিহীন ভাবে একের পর এক আপত্তি যাতে না ওঠে, তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা।