ইউজিসি নেট জুন ২০২৬ পরীক্ষার ইংরেজি, বাণিজ্য ও সমাজবিদ্যা বিষয়ের ফল প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। জানানো হয়েছে, মোট ৮২৪ জন জুনিয়র রিসার্চ ফেলোশিপ-এর (জিআরএফ) জন্য যোগ্য বিবেচিত হয়েছেন। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের যোগ্যতা অর্জন করেছেন ১১,৬১০ জন এবং পিএইচডি-তে ভর্তির জন্য যোগ্য হয়েছেন ২৩,১৫৪ জন।
ইংরেজি, বাণিজ্য ও সমাজবিদ্যা বিষয়ের পরীক্ষা ৯ ও ১০ সেপ্টেম্বর দেশের ২৭২টি শহরের ৪৫৪টি পরীক্ষাকেন্দ্রে নেওয়া হয়েছিল। এই তিনটি বিষয়ের পরীক্ষায় মোট ১,৯৬,৪৯১ জন পরীক্ষার্থী নাম নথিভুক্ত করেছিলেন। তাঁদের মধ্যে মহিলা পরীক্ষার্থী ছিলেন ১,২৯,৫৫২ জন, পুরুষ পরীক্ষার্থী ৬৬,৯৩১ জন এবং তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থী ছিলেন ৮ জন। মোট ১,২০,৩৫৫ জন পরীক্ষায় বসেছিলেন।
প্রশ্নপত্র, সম্ভাব্য উত্তরসঙ্কেত এবং পরীক্ষার্থীদের রেকর্ড করা উত্তর প্রকাশ করা হয়েছিল গত ১০ সেপ্টেম্বর। সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের কাছ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত উত্তরসঙ্কেতে আপত্তি জানানো সুযোগ ছিল। এনটিএ জানিয়েছে, জমা পড়া আপত্তিগুলি বিষয় বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাই করা হয়েছে। বিশেষজ্ঞদের চূড়ান্ত করা উত্তরসঙ্কেতের ভিত্তিতেই ফলাফল প্রস্তুত করা হয়েছে। পরীক্ষার্থীরা এনটিএ-র নিজস্ব ওয়েবসাইটে গিয়ে নিজেদের স্কোরকার্ড দেখতে ও ডাউনলোড করতে পারবেন।
এনটিএ আরও জানিয়েছে, যোগ্য প্রার্থীদের যোগ্যতার মাপকাঠি, স্বঘোষণাপত্র এবং প্রয়োজনীয় বিভিন্ন নথি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা হবে। ইউজিসি নেট জুন ২০২৬-এর ইনফরমেশন বুলেটিনে নির্ধারিত নিয়ম এবং যথাযথ প্রক্রিয়া মেনেই এই যাচাই করা হবে। পরীক্ষার্থীদের নিজেদের স্কোরকার্ড ডাউনলোড করে ভবিষ্যতের প্রয়োজনের জন্য সংরক্ষণ করার পরামর্শ দিয়েছেন কর্তৃপক্ষ।