এক বছরের স্নাতকোত্তর পড়ার সুযোগ দিচ্ছে ইন্দিরা গাঁধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (ইগনু)। এই প্রথম ইগনু শুরু করেছে এক বছরের ‘এমএ ইন পলিটিক্যাল সায়েন্স’ কোর্সে ভর্তির প্রক্রিয়া। মুক্ত ও দূরশিক্ষা পদ্ধতিতে এমএ পড়া যাবে।
ইগনু জানিয়েছে, স্নাতকোত্তর কোর্সটি দেশের শিক্ষার্থী এবং কর্মজীবী পেশাদারদের উচ্চশিক্ষায় বিশেষ সুযোগ তৈরি করে দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ সোশ্যাল সায়েন্সেস-এর অধীনে এই পাঠ্যক্রমটি পরিচালিত হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ইগনু-র অফিশিয়াল পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন।
জাতীয় শিক্ষানীতির নতুন কাঠামো অনুযায়ী প্রার্থীরা কম সময়ে তাঁদের স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করতে পারবেন। যে সকল শিক্ষার্থী রাষ্ট্রবিজ্ঞানে চার বছরের স্নাতক সম্পন্ন করেছেন, তাঁরাই সরাসরি এই এক বছরের স্নাতকোত্তর কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন।
আরও পড়ুন:
-
‘ফ্রিজ’ নাকি ‘ফ্লোট’? নিট ইউজি-র আসন ছাড়ার নিয়ম জানাল এমসিসি, ২ সেপ্টেম্বর পর্যন্ত সময় প্রত্যাহারের
-
স্নাতকে ভর্তির আবেদনে ফের মিলবে সুযোগ, জারি উচ্চ শিক্ষা দফতরের নির্দেশিকা, ফাঁকা আসন পূরণে উদ্যোগী দফতর
-
যাদবপুরকাণ্ডে গঠিত হওয়া তদন্ত কমিশনে যুক্ত হলেন আরও একজন, সদস্য হিসাবে থাকবেন সমরেশ প্রসাদ চৌধুরী
মুক্ত ও দূরশিক্ষা মাধ্যমে চলা এই কোর্সটি মূলত ইংরেজি এবং হিন্দি—এই দুই ভাষায় পড়ার সুযোগ থাকবে। শিক্ষার্থীরা নিজেদের সুবিধাজনক গতিতে পড়াশোনা চালিয়ে যেতে পারবেন।
কোর্সের মূল উদ্দেশ্য হল, রাষ্ট্রনৈতিক ব্যবস্থা, শাসন পরিচালনা এবং সামাজিক কাঠামো সম্পর্কে গভীর জ্ঞান প্রদান করা, যা শিক্ষার্থীদের অ্যাকাডেমিক, গবেষণা এবং নানা পেশাগত ক্ষেত্রে উপযোগী করে তুলবে বলে মনে করছে ইগনু। বিশেষ করে যাঁরা চাকরি বা অন্যান্য কাজের সঙ্গে যুক্ত থেকে নিজেদের যোগ্যতাবৃদ্ধি করতে চান, তাঁদের জন্য এই সংক্ষিপ্ত পাঠ্যক্রমটি অত্যন্ত কার্যকারী হবে বলেই মনে করছে প্রতিষ্ঠান। ইগনু-র অফিশিয়াল ওয়েবসাইট (ignou.ac.in)-এ গিয়ে শিক্ষার্থীরা অনলাইন আবেদন জমা দিতে পারবেন।