বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যোগবিদ্যা পড়ার সুযোগ। প্রতিষ্ঠানের ‘ডিপার্টমেন্ট অফ লাইফলং লার্নিং’-এর উদ্যোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘পিজি ডিপ্লোমা ইন যোগা’ পাঠ্যক্রমে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃদ্ধি হয়েছে আবেদনের মেয়াদ।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) স্বীকৃত যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক যোগ্যতা থাকলে প্রার্থীরা এই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। মোট দু’টি সেমেস্টারের এই পাঠ্যক্রমে আসনসংখ্যা ৮০। যেখানে সরকারি নিয়ম অনুযায়ী আসন সংরক্ষণ করা রয়েছে। আগ্রহী প্রার্থীদের ২৪ অক্টোবরের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন ফি বাবদ ৫০০ টাকা এবং কোর্স ফি হিসেবে ২০,০০০ টাকা ধার্য করা হয়েছে। আগামী নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে এই কোর্সের পঠনপাঠন শুরু হতে পারে।
আরও পড়ুন:
ভর্তি প্রক্রিয়ার মেধাতালিকা, স্নাতক স্তরের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের শতকরা হারের ভিত্তিতে তৈরি করা হবে। যদি দুই বা ততোধিক প্রার্থীর নম্বর সমান হয়, তবে পর্যায়ক্রমে স্নাতকোত্তর, উচ্চমাধ্যমিক এবং মাধ্যমিকের নম্বর দেখে মেধাতালিকার র্যাঙ্ক নির্ধারণ করা হবে। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ২৮ অক্টোবর প্রোভিশন্যাল মেধাতালিকা এবং প্রথম পর্যায়ের অ্যালটমেন্ট তালিকা প্রকাশ করা হবে।
ইউজিসির নিয়ম অনুযায়ী আবেদন ফর্মে এবিসি আইডি প্রদান করা বাধ্যতামূলক করা হয়েছে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ইচ্ছুক প্রার্থীরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (https://www.buruniv.ac.in/Demo/index_bucc.ph) থেকে তথ্য জানা যাবে।