Advertisement
E-Paper

পরীক্ষায় ত্রুটি থাকছে না তো? ভাল কাজ করছে সিবিএসই, এনসিইআরটি? খতিয়ে দেখবে নতুন সংসদীয় প্যানেল

দেশে পরীক্ষা ব্যবস্থা নিয়ে নানা অভিযোগ, ত্রুটি-বিচ্যুতি নিয়ে ক্ষোভ তৈরি হয়েছিল গত কয়েক বছর ধরেই। ২০২৬ সালের নিট ইউজি-র প্রশ্নপত্র ফাঁস হওয়ার পরে দেশের পরীক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজার প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্রীয় সরকার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৬ ১২:৪৬

ছবি: সংগৃহীত।

দেশের পরীক্ষা ব্যবস্থা কি নিখুঁত? স্কুলশিক্ষার সঙ্গে যুক্ত সরকারি প্রতিষ্ঠানগুলি কি যথাযথ ভাবে কাজ করছে? এই সব বিষয়ে নজর রাখতে এ বার একটি সংসদীয় প্যানেল গঠন করল কেন্দ্রীয় সরকার।

দেশে পরীক্ষা ব্যবস্থা নিয়ে নানা অভিযোগ, ত্রুটি-বিচ্যুতি নিয়ে ক্ষোভ তৈরি হয়েছিল গত কয়েক বছর ধরেই। ২০২৬ সালের নিট ইউজি-র প্রশ্নপত্র ফাঁস হওয়ার পরে সেই অভিযোগ আন্দোলনের রূপ নিলে দেশের পরীক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজার প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্রীয় সরকার। সে কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল কেন্দ্র-নিযুক্ত এক কমিটিকে। যার দায়িত্বে ছিলেন ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানি। এ বার এ সংক্রান্ত নতুন পার্লামেন্টারি প্যানেল গঠন করে সেই পথে আরও এক ধাপ এগোল দেশের সরকার।

নতুন পার্লামেন্টারি প্যানেল স্কুল শিক্ষা ব্যবস্থা এবং পরীক্ষা ব্যবস্থা সংক্রান্ত গোটা বিষয়টিতেই নজর রাখবে। আর তাদের কাজের মূল্যায়ন করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে শিক্ষা, নারী ও শিশু কল্যাণ, এবং যুব ও ক্রীড়া বিষয়ক উন্নয়ণের দায়িত্বে থাকা পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি।

সেপ্টেম্বরের শেষেই ওই নতুন কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে লোকসভা বুলেটিনে। সেই সঙ্গে ওই কমিটির অন্যান্য দায়িত্বের কথাও উল্লেখ করা হয়েছে তাতে।

কী কী কাজ করবে ওই কমিটি?

লোকসভার বুলেটিনে জানানো হয়েছে, স্কুলশিক্ষার পাঠ্যবই এবং পাঠ্যক্রম তৈরির দায়িত্বে থাকা এনসিইআরটি কেমন কাজ করছে, তা খতিয়ে দেখবে নতুন কমিটি। সিবিএসই বোর্ড তাদের শিক্ষা ব্যবস্থা এবং পরীক্ষা ব্যবস্থা কী ভাবে বজায় রাখছে, সে দিকেও খেয়াল রাখবে তারা। এর পাশাপাশি সেন্ট্রাল অ্যাডভাইসরি বোর্ড অফ এডুকেশন বা সিএবিই-র কাজ দেখবে ওই প্যানেল।

এর বাইরেও কিছু বিষয়ে খেয়াল রাখবে নতুন সংসদীয় প্যানেল। যেমন— ২০২০ সালে প্রণীত জাতীয় শিক্ষানীতির প্রয়োগ ঠিকমতো হচ্ছে কি না। এ ছাড়া স্কুলে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য, নিরাপত্তা, মানসিক বিকাশের অনুকূল পরিস্থিতি রয়েছে কি না, পড়ুয়াদের বা তাদের অভিভাবকেদের অভাব-অভিযোগ শোনার এবং তার জবাব দেওয়ার পরিকাঠামো যথাযথ রয়েছে কি না, সে সবও দেখার দায়িত্বে থাকবে ওই প্যানেল।

এ ছাড়াও পরীক্ষার প্রশিক্ষণের জন্য কোচিং সেন্টারগুলির গুরুত্ব কেন বাড়ছে, শিক্ষাক্ষেত্রে কৃত্রিম মেধার প্রভাব কতখানি, সেই সব বিষয়েও নজর রাখবে ওই প্যানেল।

তবে এই এত রকম দায়িত্ব সামলানোর জন্য যে পরিকাঠামো প্রয়োজন, তা কী ভাবে তৈরি হবে, তার কী পরিকল্পনা, সে ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি।

NTA NEET UG NCERT CBSE Parliamentary Panel

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy