শুধু ডিগ্রি অর্জন করলেই চাকরি পাওয়া যাবে না, তরুণ প্রজন্মের উদ্দেশে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি গুজরাতে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেখানেই তিনি দক্ষতা বৃদ্ধি এবং নতুন নতুন বিষয় শিক্ষার বিষয়ে জোর দেন।
এই প্রথম নয়। এর আগে স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে দেওয়া ভাষণেও প্রধানমন্ত্রী জানিয়েছিলেন আগামী এক বছরে এক কোটি তরুণ ভারতীয়কে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-সংক্রান্ত দক্ষতার প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিনামূল্যে অনলাইন কোচিংয়ের ব্যবস্থার কথাও জানিয়েছিলেন। এ বার তিনি বললেন, পরিবর্তনশীল কাজের জগতে তাল মিলিয়ে চলতে গেলে শুধু ডিগ্রি অর্জনই যথেষ্ট নয়। বরং দক্ষতা বৃদ্ধি ও ক্রমাগত নতুন বিষয় শেখার দিকেও গুরুত্ব দিতে হবে পড়ুয়াদের।
প্রধানমন্ত্রী বলেন, “আগে ডিগ্রি অর্জনের উপর গুরুত্ব দেওয়া হত, এখন দক্ষতাও সমান গুরুত্বপূর্ণ।”প্রধানমন্ত্রীর এই বার্তা প্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী জানিয়েছেন, পরিবর্তনশীল অর্থনীতিতে ভারতের তরুণদের নিজেদের কর্মদক্ষতা নিয়মিত উন্নত করতে হবে।
আরও পড়ুন:
শিক্ষা আসলে স্নাতকে শেষ হয়ে যাওয়া একটি প্রক্রিয়া নয়, কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা দ্রুত বদলাচ্ছে, তাই তরুণদেরও নিয়মিত নতুন কিছু শেখা এবং নিজেদের কর্মদক্ষতা বাড়ানোর দিকে নজর দিতে হবে, এমনই মত প্রধানমন্ত্রীর। অন্য দিকে, শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশীও শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিক বৃদ্ধিকে একসঙ্গে দেখার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন। তাঁর মতে, ভারতকে বিশ্বে দক্ষতা উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।
শিক্ষার্থীদের জন্য এক বার্তায় প্রহ্লাদ জোশী বলেন, “কী পড়াশোনা করেছেন, তা দেখা যায় ডিগ্রিতে। কিন্তু বাস্তবে কী কী করতে পারেন, তা প্রতিফলিত হয় দক্ষতায়। তাই উচ্চশিক্ষার পাশাপাশি ব্যবহারিক দক্ষতা, নতুন প্রযুক্তি শেখা এবং নিয়মিত নিজেকে উন্নত করার উপরও গুরুত্ব দেওয়া কে প্রয়োজনীয়।”