স্নাতকোত্তর স্তরে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলা, ইংরেজি, সংস্কৃত, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ভূগোল, হিন্দি, সমাজবিদ্যা, দর্শন, শিক্ষা বিষয়ে কলা বিভাগে ভর্তি হওয়া যাবে। এই বিষয়গুলি ছাড়াও শেল্ফ ফিন্যান্স কোর্স হিসাবে ভূগোল, মানবাধিকার ও মানব উন্নয়ন, পরিবেশ বিজ্ঞান বিভাগেও ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে।
এই বিষয়গুলির ক্ষেত্রে কোনও প্রবেশিকা পরীক্ষার বিষয়ে উল্লেখ নেই বিজ্ঞপ্তিতে। ২০২২ থেকে ২০২৬-এর মধ্যে যে সমস্ত পড়ুয়া স্নাতক হয়েছেন, শুধু তাঁরাই আবেদন করতে পারবেন স্নাতকোত্তর স্তরে পড়ার জন্য। দু’বছরের চারটি সেমেস্টারে ভাগ করা থাকবে সম্পূর্ণ কোর্সটি।
আরও পড়ুন:
কী ভাবে ভর্তি হওয়া যাবে?
রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.rbu.ac.in) ‘হোমপেজ’-এই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। তাতে দেওয়া তথ্য অনুযায়ী ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ১০ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তির আবেদন গ্রহণ চলবে। ২১ সেপ্টেম্বর মেধাতালিকা প্রকাশ করা হবে। ২২ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত টাকা জমা দিতে হবে। ক্লাস শুরু হবে ৩০ সেপ্টেম্বর। এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি মূল বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে।