Advertisement
E-Paper

প্রথম মেডিক্যাল কলেজ পেতে চলেছে লাদাখ, শীঘ্রই নিয়োগ শুরু হচ্ছে ১০৩টি শূন্যপদে

২০২৭-২৮ শিক্ষাবর্ষেই পুরোদমে শুরু হতে চলেছে ওই মেডিক্যাল কলেজের পড়াশোনার কাজ। সাধারণত নিয়োগের কাজ শুরু হয় কলেজে পরিকাঠামোগত কাজ ৮০ শতাংশ এগিয়ে যাওয়ার পরে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৬ ১৪:৩৮

ছবি: প্রতীকী। এআই সহায়তায় তৈরি।

এই প্রথম নিজস্ব মেডিক্যাল কলেজ পেতে চলেছে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ। লেহ-র স্তিপুক ফার্কা অঞ্চলে ওই মেডিক্যাল কলেজের পরিকাঠামো তৈরির কাজ জোর কদমে শুরু হয়েছে। তবে সেই কাজ শেষ হওয়ার আগেই লেহ-র মেডিক্যাল কলেজ চালানোর জন্য প্রয়োজনীয় পদে নিয়োগের কাজ শুরু করার অনুমতি দিয়ে দিল কেন্দ্র।

২০২৭-২৮ শিক্ষাবর্ষেই পুরোদমে শুরু হতে চলেছে ওই মেডিক্যাল কলেজের পড়াশোনার কাজ। সাধারণত নিয়োগের কাজ শুরু হয় কলেজে পরিকাঠামোগত কাজ ৮০ শতাংশ এগিয়ে যাওয়ার পরে। কিন্তু এক্ষেত্রে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সেই নিয়ম কিছুটা শিথিল করেছে। যেহেতু লেহ-লাদাখ অঞ্চলের আবহাওয়া প্রতিকূল বলে মনে করা হয়, তাই নিয়োগ প্রক্রিয়ার জন্য যাতে পর্যাপ্ত সময় হাতে থাকে, যাতে যথা সময়ে মেডিক্যাল কলেজের পড়াশোনা শুরু হতে কোনওরকম অসুবিধা না হয়, সে কথা মাথায় রেখেই ওই সিদ্ধান্ত।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নড্ডাকে এ ব্যাপারে অনুরোধ করেছিলেন লাদাখের লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা। সেই আবেদন গৃহীত হয়েছে অক্টোবরেই। কেন্দ্রকে এ ব্যাপারে ধন্যবাদ দিয়েছেন লাদাখের লেফটেন্যান্ট গভর্নর।

লাদাখের ওই মেডিক্যাল কলেজে মোট ১০৩টি শূন্যপদে নিয়োগ করা হবে। শিক্ষক, অধ্যাপকের পদে নিয়োগের পাশাপাশি সাপোর্ট স্টাফ হিসাবেও কর্মী নিয়োগ করা হবে লাদাখের ওই মেডিক্যাল কলেজে। আগামী বছর থেকে চিকিৎসক হতে ইচ্ছুক ছাত্রছাত্রীরাও ভর্তি হতে পারবেন ওই মেডিক্যাল কলেজে।

লাদাখের লেফটেন্যান্ট গভর্নর জানিয়েছেন, মেডিক্যাল কলেজের কাজ যাতে আগামী শিক্ষাবর্ষ থেকেই শুরু করা যেতে পারে, তা নিশ্চিত করতে বলেছে কেন্দ্র। তাঁরা সেই লক্ষেই এগোচ্ছেন। পরিকল্পনা বাস্তবায়নে সাহায্য করার জন্য কেন্দ্রকে ধন্যবাদও দিয়েছেন তিনি। সাক্সেনা বলেছেন, ‘‘এতে একদিকে যখন কলেজ তৈরির কাজ চলবে, তখন নিয়োগের কাজটিও এগিয়ে থাকবে।’’ যথা সময়ে আবেদনের তারিখ ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

Recruitment medical college Leh Ladakh

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy