রাজ্যের প্রাথমিক শিক্ষা প্রশাসনে তিন জেলার শীর্ষপদে রদবদল করল স্কুল শিক্ষা দফতর। মালদহ, মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুরের জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের (ডিপিএসসি) চেয়ারম্যান পদে নতুন প্রতিনিধি নিয়োগ করা হয়েছে। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দফতরের প্রাথমিক শিক্ষা শাখা।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন চেয়ারম্যানরা সংশ্লিষ্ট জেলার বর্তমান ‘চেয়ারম্যান-ইন-চার্জ’-দের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করবেন। নতুন নিয়োগ অনুযায়ী, মালদহ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান হয়েছেন মালদহের ইংলিশ বাজারের বিষ্ণুপদ রায়। মুর্শিদাবাদ ডিপিএসসির চেয়ারম্যান পদে নিয়োগ করা হয়েছে ওই জেলার বিলাসকুমার মণ্ডলকে। অন্য দিকে, পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের নতুন চেয়ারম্যান হয়েছেন কাঁথির প্রভাত কুমার কলেজের সঙ্গে যুক্ত চন্দন মণ্ডল।
আরও পড়ুন:
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এই নির্দেশিকা অবিলম্বে কার্যকর করতে হবে। সংশ্লিষ্ট আধিকারিকদের যোগদানের দিন থেকেই তাঁদের নিয়োগ চূড়ান্ত বলে গণ্য করা হবে। স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন এ দিন বলেন, ‘‘অন্য সব জেলায় আগেই নিয়োগ করা হয়েছিল। উপনির্বাচনের কারণে এই জায়গাগুলোতে নিয়োগ করা যায়নি। আশা করি কাজের গতি আরও ত্বরান্বিত হবে।’’
উল্লেখ্য, রাজ্যে সরকার রদবদলের পর পরই স্কুল, কলেজ-সহ প্রতিষ্ঠানের শীর্ষ পদে আসীন ব্যক্তিরা সরে যান। সেই পদগুলির কোনও কোনওটিতে পরে আবার নতুন কিছু ব্যক্তিকে নিয়োগ করাও হয়েছিল। এ বার প্রাথমিক শিক্ষা প্রশাসনে তিন জেলার শীর্ষপদেও রদবদল করা হল।