প্রতি বছর সমাবর্তনের দিন বিশ্ববিদ্যালয়ের সেরা প্রাক্তনীদের বিশেষ সম্মানে ভূষিত করার উদ্যোগ নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। আনুষ্ঠানিক ভাবে চালু করা হয়েছে ‘ডিস্টিংগুইসড অ্যালুমনাই – জেইউ অ্যাওয়ার্ড’ বা ‘ডিএ-জেইউ’ সম্মাননা। ২০২৬ থেকেই শুরু হয়ে গেল তার কাজ। ইতিমধ্যে এ বছরের সমাবর্তন অনুষ্ঠানে ‘ডিএ-জেইউ’ সম্মাননা প্রদানের তালিকা তৈরি করে নিয়েছে বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির (এগজ়িকিউটিভ কাউন্সিল) বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এই উদ্যোগের ফলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে সফল ভাবে প্রতিষ্ঠিত হওয়া ব্যক্তিদের কৃতিত্ব সকলের সামনে তুলে ধরা সম্ভব হবে। পাশাপাশি, প্রাক্তনীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ আরও সুদৃঢ় হবে। জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদান রাখা প্রাক্তনীরা এই পুরস্কারের জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছেন বলে জানা গিয়েছে।
মূলত পাঁচটি বিশেষ ক্যাটেগরিতে এই পুরস্কার দেওয়া হচ্ছে—
১। অ্যাকাডেমিয়া অ্যান্ড রিসার্চ
২। কর্পোরেট লিডারশিপ
৩। এন্ট্রেপ্রেনিয়োরশিপ
৪। পাবলিক লাইফ অ্যান্ড ফিলানথ্রপি
৫। আর্টস, লিটারেচর অ্যান্ড ক্রিয়েটিভ এক্সপ্রেশন
২০২৬ সালের ‘ডিএ-জেইউ’ সম্মাননা প্রাপকদের তালিকা
অ্যাকাডেমিয়া অ্যান্ড রিসার্চ: এমসিকেভি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিংয়ের সিএসআইআর এমেরিটাস বিজ্ঞানী বিজয় ভট্টাচার্য, হেরিটেজ গ্রুপ অফ ইনস্টিটিউশনের প্রধান উপদেষ্টা ও যাদবপুরের প্রাক্তন উপাচার্য অধ্যাপক সৌভিক ভট্টাচার্য, আইআইএম মুম্বাইয়ের ডিরেক্টর অধ্যাপক মনোজ কুমার তিওয়ারি এবং আইআইএসসি বেঙ্গালুরুর ‘কেএসআইআইডিসি চেয়ার’ অধ্যাপক সপ্তর্ষি বসু।
কর্পোরেট লিডারশিপ: মার্কিন বহুজাতিক বায়োফার্মাসিউটিক্যাল সংস্থা ‘মার্ক’-এর ম্যানুফ্যাকচারিং ডিভিশনের প্রাক্তন প্রেসিডেন্ট সনৎ চট্টোপাধ্যায়।
এন্ট্রেপ্রেনিয়োরশিপ: পাহাড়পুর কুলিং টাওয়ার্সের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর বিক্রম স্বরূপ এবং মেগাথার্ম ইন্ডাকশন লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর শেষাদ্রিভূষণ চন্দ।
পাবলিক লাইফ অ্যান্ড ফিলানথ্রপি: ‘গ্লোবাল যাদবপুর ইউনিভার্সিটি অ্যালুমনাই ফাউন্ডেশন’-এর সভাপতি রঞ্জিতকুমার চক্রবর্তী এবং টাটা স্টিলের কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল লিডারশিপ দলের সিনিয়র এরিয়া ম্যানেজার অনুভূতি বন্দ্যোপাধ্যায়।
আর্টস, লিটারেচর অ্যান্ড ক্রিয়েটিভ এক্সপ্রেশন: অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং অনুবাদক অরুণাভ সিংহ।
এঁরা প্রত্যেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ১৯৬১ থেকে ২০১১ সালের মধ্যে উত্তীর্ণ হয়েছেন। প্রাক্তনীদের সম্মান প্রদানের এই বাছাই প্রক্রিয়াটি পরিচালনার দায়িত্বে ছিল বিশ্ববিদ্যালয়ের এসিআর-জেইউ সেল। বিশ্ববিদ্যালয়ের সূত্রে খবর, মনোনয়ন পর্যালোচনা করে এ বছরের জন্য ১০ জন প্রাক্তনীকে এই সম্মাননার জন্য নির্বাচিত করা হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে আচার্য, শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে তাঁদের হাতে এই সম্মানের স্মারক তুলে দেওয়া হবে।