স্মার্ট ম্যানুফ্যাকচারিং এবং কারখানা পরিচালনা নিয়ে ছ’মাসের একটি কোর্স চালু করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) দিল্লি। কর্মরত পেশাদারদের জন্য এই অনলাইন কোর্সের ব্যবস্থা করেছে প্রতিষ্ঠানের কন্টিনিউয়িং এডুকেশন প্রোগ্রাম। কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অফ থিংস এবং রোবোটিক্সের মতো আধুনিক প্রযুক্তি সম্পর্কে দক্ষতা বাড়ানোই এই কোর্সের মূল লক্ষ্য।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই কোর্সে ভর্তির জন্য আবেদন করা যাবে ১৫ নভেম্বর, ২০২৬ পর্যন্ত। ক্লাস শুরু হবে ১৪ ফেব্রুয়ারি, ২০২৭। কোর্স শেষ হবে ১৪ অগস্ট, ২০২৭। আইআইটি দিল্লির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে এই কর্মসূচির পরিচালিত হবে।
কেন এই কোর্স গুরুত্বপূর্ণ?
শিল্পক্ষেত্রে ক্রমশ বাড়ছে স্বয়ংক্রিয় প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স এবং সংযুক্ত যন্ত্রের ব্যবহার। ফলে উৎপাদন ব্যবস্থাপনা, কারখানার কাজের পরিকল্পনা এবং প্রযুক্তিনির্ভর শিল্প পরিচালনায় দক্ষ কর্মীর চাহিদাও বাড়ছে। এই কোর্সের মাধ্যমে সংশ্লিষ্ট ক্ষেত্রে কর্মরত পেশাদারেরা নিজেদের প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর সুযোগ পাবেন।
ক্লাস হবে কী ভাবে?
সম্পূর্ণ অনলাইন মাধ্যমে এই কোর্স করানো হবে। আইআইটি দিল্লির শিক্ষকরা সরাসরি অনলাইন ক্লাসের মাধ্যমে পড়ুয়াদের পড়াবেন। রবিবার ক্লাসের সময় নির্ধারিত হয়েছে সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১১টা এবং সকাল ১১টা ১৫ মিনিট থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত।
আরও পড়ুন:
কারা আবেদন করতে পারবেন?
১। বিই, এমই, বিটেক, এমটেক অথবা এই সমতুল ডিগ্রিধারীরা কোর্সটিতে আবেদন করতে পারবেন। তবে তাঁদের অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
২। নির্দিষ্ট কিছু ক্ষেত্রে অন্তত দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকলেও আবেদন করতে পারবেন।
৩। প্রযুক্তিগত জ্ঞান রয়েছে, এমন সদ্য উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে কিছুটা ছাড় দেবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
কোর্সের ফি কত?
এই কোর্সের মোট ফি ২ লক্ষ ৫০ হাজার টাকা। এর সঙ্গে অতিরিক্ত ১৮ শতাংশ পণ্য ও পরিষেবা কর (জিএসটি) দিতে হবে। আবেদন করার সময় ১,১৮০ টাকা জমা দিতে হবে। এবং এই আবেদন ফি ফেরতযোগ্য নয়।
আগ্রহী প্রার্থীদের আবেদন করার আগে যোগ্যতা, ফি এবং অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আইআইটি দিল্লির নিজস্ব ওয়েবসাইটে থাকা বিজ্ঞপ্তি দেখে নেওয়ার পরামর্শ দিয়েছেন কর্তৃপক্ষ।