Advertisement
E-Paper

পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যে জোর দিচ্ছে একাধিক প্রতিষ্ঠান, ১৬,৫০০ পড়ুয়াকে সুস্থতার বার্তা আইআইটি খড়্গপুরের!

পড়ুয়াদের কাছে সর্তকবার্তার কার্ড পৌঁছে দেওয়ার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে ‘সেতু’ (এসইটিইউ), জি-সেক ওয়েলফেয়ার টিম এবং প্রতিষ্ঠানের নিরাপত্তা বিভাগের কর্মীরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৬ ১৯:০০
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

পড়ুয়াদের মানসিক স্বাস্থ্য ও সার্বিক সুস্থতার কথা মাথায় রেখে ১৬,৫০০ জনের হাতে ব্যক্তিগত সুস্থতা-বার্তা সম্পর্কিত কার্ড তুলে দিল আইআইটি খড়্গপুর। বুধবার প্রতিষ্ঠানের একাধিক উদ্যোগের অংশ হিসাবে এই কর্মসূচি নেওয়া হয়।

প্রতিষ্ঠানের বিবৃতি অনুযায়ী, পড়ুয়াদের কাছে কার্ড পৌঁছে দেওয়ার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে ‘সেতু’ (এসইটিইউ), জি-সেক ওয়েলফেয়ার টিম এবং প্রতিষ্ঠানের নিরাপত্তা বিভাগের কর্মীরা।

‘সেতু’ হল আইআইটি খড়্গপুরের একটি সমন্বিত ক্যাম্পাস উদ্যোগ ও মোবাইল অ্যাপ, যার মাধ্যমে পড়ুয়াদের সার্বিক সুস্থতা, মানসিক স্বাস্থ্য সহায়তা, পড়াশোনার অগ্রগতি পর্যবেক্ষণ এবং জরুরি পরিষেবা দেওয়ার ব্যবস্থা রয়েছে।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে প্রতিষ্ঠানের পড়ুয়াদের সুস্থতা বিভাগের ডিন অরুণ চক্রবর্তী বলেন, মানসিক স্বাস্থ্য দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতিটি পড়ুয়া যাতে নিজের কথা বলতে পারে এবং নিজেকে বোঝা ও সমর্থন পাওয়ার উপযুক্ত পরিবেশে অনুভব করে, তা নিশ্চিত করা জরুরি। কর্মসূচির অংশ হিসাবে পড়ুয়াদের ১১টি স্বল্পদৈর্ঘ্যের ছবিও দেখানো হয়। মানসিক স্বাস্থ্যকে শুধু অসুস্থতা বা চিকিৎসাগত রোগনির্ণয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে তার বিস্তৃত দিক তুলে ধরা হয় ওই ছবিগুলিতে।

সম্প্রতি আইআইটি বম্বেতে দ্বিতীয় বর্ষের এক বিটেক পড়ুয়ার মৃত্যুর কয়েক দিনের মধ্যেই আইআইটি খড়্গপুরের এই উদ্যোগ সামনে এসেছে। এ ছাড়া, চলতি বছরের ১৩ অগস্ট রাজস্থানের বাসিন্দা দ্বিতীয় বর্ষের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের এক পড়ুয়ারও মৃত্যু হয়। অভিযোগ, ক্যাম্পাসের একটি ভবনের তৃতীয় তলা থেকে পড়ে তাঁর মৃত্যু হয়েছিল। এই পরিস্থিতিগুলির কারণেই পড়ুয়াদের মানসিক সুস্থতা ও সহায়ক পরিবেশ তৈরির বিষয়টি নতুন করে গুরুত্ব পাচ্ছে।

IIT Kharagpur

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy