চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (আইসিএআই) চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) ফাউন্ডেশন সেপ্টেম্বর ২০২৬ পরীক্ষার ফল প্রকাশের দিনক্ষণ ঘোষণা করেছে।
সংস্থার তরফে জানানো হয়েছে, ৬ নভেম্বর, ২০২৬ সন্ধ্যার মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা আইসিএআই-এর নিজস্ব ওয়েবসাইট caresults.icai.org-এ গিয়ে নিজেদের স্কোরকার্ড দেখতে পারবেন।
আইসিএআই-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ২, ৫, ৭ এবং ৯ সেপ্টেম্বর সিএ ফাউন্ডেশন পরীক্ষা নেওয়া হয়েছিল। ফলপ্রকাশের পর যাতে সহজেই স্কোরকার্ড দেখা যায়, সে জন্য পরীক্ষার্থীদের আগে থেকেই প্রয়োজনীয় লগ-ইন তথ্য প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
বছরে কত বার হয় সিএ পরীক্ষা?
বর্তমানে আইসিএআই বছরে তিন বার— জানুয়ারি, মে এবং সেপ্টেম্বর মাসে সিএ ফাউন্ডেশন, ইন্টারমিডিয়েট ও ফাইনাল পরীক্ষা আয়োজন করে। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়ার জন্য প্রার্থীদের কোর্সের তিনটি স্তরই উত্তীর্ণ হতে হয়। অর্থাৎ, ফাউন্ডেশন, ইন্টারমিডিয়েট এবং ফাইনাল—প্রতিটি স্তরের পরীক্ষায় সফল হওয়ার পরেই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে যোগ্যতা অর্জন করা যায়।
কী কী তথ্য লাগবে ফল দেখতে?
অনলাইনে ফল দেখার জন্য পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর এবং রোল নম্বর প্রয়োজন হবে। এই দু’টি তথ্য দিয়েই পোর্টালে লগ-ইন করে পরীক্ষার ফলাফল দেখা যাবে।
কী ভাবে দেখবেন সিএ ফাউন্ডেশন পরীক্ষার ফল?
১। প্রথমে আইসিএআই-এর ফল প্রকাশের নিজস্ব ওয়েবসাইট caresults.icai.org-এ যেতে হবে।
২। হোমপেজে সিএ ফাউন্ডেশন সেপ্টেম্বর ২০২৬ পরীক্ষার ফল সংক্রান্ত লিঙ্কে ক্লিক করতে হবে।
৩। নির্দিষ্ট জায়গায় রেজিস্ট্রেশন নম্বর এবং রোল নম্বর লিখতে হবে।
৪। প্রয়োজনীয় তথ্য জমা দিলেই পর্দায় পরীক্ষার ফল দেখা যাবে।
৫। এর পর ভবিষ্যতের প্রয়োজনে স্কোরকার্ড ডাউনলোড করে প্রিন্ট আউট কপি সংরক্ষণ করতে হবে।