Advertisement
E-Paper

প্রকাশিত হল সিএ ইন্টারমিডিয়েটের ফলাফল, পাশের হার কত? ফল দেখা থাবে কী ভাবে?

সেপ্টেম্বর ২০২৬-এর সিএ ইন্টারমিডিয়েট পরীক্ষা ১ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত হয়েছিল। প্রথম গ্রুপের পরীক্ষা হয় ১, ৩ ও ৬ সেপ্টেম্বর। দ্বিতীয় গ্রুপের পরীক্ষা হয়েছিল ৮, ১০ ও ১২ সেপ্টেম্বর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৬ ০৮:৫৯
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ইন্টারমিডিয়েট পরীক্ষার সেপ্টেম্বর ২০২৬ পর্বের ফল প্রকাশ করল ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (আইসিএআই)। বৃহস্পতিবার, ২২ অক্টোবর, সংস্থার নিজস্ব ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে। এ বার মোট ১৪,৮১৮ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষায় যোগদানকারী প্রার্থীরা caresults.icai.org ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্ট্রেশন নম্বর ও রোল নম্বর দিয়ে ফল দেখতে পারবেন।

সেপ্টেম্বর ২০২৬-এর সিএ ইন্টারমিডিয়েট পরীক্ষা ১ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত হয়েছিল। প্রথম গ্রুপের পরীক্ষা হয় ১, ৩ ও ৬ সেপ্টেম্বর। দ্বিতীয় গ্রুপের পরীক্ষা হয়েছিল ৮, ১০ ও ১২ সেপ্টেম্বর। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তী ধাপ, অর্থাৎ সিএ ফাইনাল পরীক্ষায় বসার যোগ্যতা অর্জন করবেন। অনলাইনে প্রকাশিত ফলের মাধ্যমে পরীক্ষার্থীরা নিজেদের প্রাপ্ত নম্বর এবং উত্তীর্ণ হওয়ার অবস্থা জানতে পারবেন।

পাশের হার

আইসিএআইয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম গ্রুপে পাশের হার ২৩.১৪ শতাংশ। দ্বিতীয় গ্রুপে পাশের হার ১৮.৯২ শতাংশ। দুই গ্রুপের পরীক্ষায় একসঙ্গে অংশ নেওয়া পরীক্ষার্থীদের মধ্যে পাশ করেছেন ১৩.২১ শতাংশ।

প্রথম গ্রুপের পরীক্ষায় মোট ১,০০,৩০১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৩,২১০ জন। দ্বিতীয় গ্রুপে ৬৮,৪০০ জন পরীক্ষা দিয়েছিলেন, যাঁদের মধ্যে পাশ করেছেন ১২,৯৩৮ জন। দুই গ্রুপের পরীক্ষায় একসঙ্গে অংশ নিয়েছিলেন ৩৮,৩৩৯ জন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫,০৬৬ জন।

সর্বভারতীয় মেধাতালিকায় প্রথম কারা?

সেপ্টেম্বর ২০২৬-এর সিএ ইন্টারমিডিয়েট পরীক্ষায় সর্বভারতীয় স্তরে প্রথম স্থান অধিকার করেছেন মুম্বইয়ের নীল রাজেশ শাহ এবং নাসিকের সাক্ষী চান্দক। দু’জনেই ৬০০ নম্বরের মধ্যে ৫০২ নম্বর পেয়েছেন। তাঁদের প্রাপ্ত নম্বরের হার ৮৩.৬৭ শতাংশ।

দ্বিতীয় স্থানে রয়েছেন চেন্নাইয়ের শ্রুতি ভি। তিনি ৪৯২ নম্বর পেয়ে ৮২ শতাংশ নম্বর অর্জন করেছেন। তৃতীয় স্থান পেয়েছেন সুরাটের প্রেম অগ্রবাল। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯০, অর্থাৎ ৮১.৬৭ শতাংশ।

ফলাফল দেখবেন কী ভাবে?

১। প্রথমে আইসিএআইয়ের নিজস্ব ফল প্রকাশের ওয়েবসাইট caresults.icai.org-এ যেতে হবে।

২। হোমপেজে সিএ ইন্টারমিডিয়েট সেপ্টেম্বর ২০২৬-এর ফলের লিঙ্কে ক্লিক করতে হবে।

৩। নির্দিষ্ট জায়গায় রেজিস্ট্রেশন নম্বর ও রোল নম্বর দিতে হবে।

৪। পর্দায় দেখানো নিরাপত্তা সংকেত বা ক্যাপচা পূরণ করতে হবে।

৫। ‘সাবমিট’ অপশনে ক্লিক করলে ফল দেখা যাবে।

৬। নম্বরপত্র ডাউনলোড করতে ‘ডাউনলোড’ অপশনে ক্লিক করে পিডিএফ ফাইলটি সংরক্ষণ করতে হবে।

CA Exam

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy