ন্যাশনাল মিন্স-কাম-মেরিট স্কলারশিপ স্কিম ২০২৬-২৭-এর জন্য আবেদনের সময়সীমা বাড়িয়ে ৩০ অক্টোবর করেছেন কর্তৃপক্ষ। শুধুমাত্র সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকারপোষিত স্কুলে পড়াশোনা করা পড়ুয়ারাই এই বৃত্তি পেয়ে থাকে।জানানো হয়েছে, এই সময়ের মধ্যে আবেদন করতে হবে পড়ুয়াকে।
পড়ুয়াদের বৃত্তির আবেদন যাচাই করা হয় দু’টি স্তরে। প্রথম স্তরের যাচাই করেন ইনস্টিটিউট নোডাল অফিসার এবং দ্বিতীয় স্তরের কাজটি করেন জেলা নোডাল অফিসার। তার পর নির্বাচিত পড়ুয়াদের আবেদন করার আগে পোর্টালে এককালীন রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হয়।
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের স্কুল শিক্ষা ও সাক্ষরতা দফতরের অধীনে পরিচালিত এই প্রকল্পের লক্ষ্য আর্থিক ভাবে দুর্বল পরিবারের মেধাবী পড়ুয়াদের অষ্টম শ্রেণির পর স্কুলছুট হওয়া রোধ করা এবং দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহিত করা। প্রতি বছর নবম শ্রেণির ১ লক্ষ পড়ুয়াকে এই বৃত্তি দেওয়া হয়।
সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের বৃত্তি নির্বাচন পরীক্ষায় উত্তীর্ণ হলে এই বৃত্তি পাওয়া যায় এবং নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ফলাফলের শর্তসাপেক্ষে তা পুনর্নবীকরণ করা হয়। বৃত্তির পরিমাণ বছরে ১২,০০০ টাকা।এই বৃত্তির জন্য আবেদন করতে হলে অভিভাবকের বার্ষিক আয় হতে হবে ৩.৫০ লক্ষ টাকার মধ্যে।
পাশাপাশি, সপ্তম শ্রেণির পরীক্ষায় অন্তত ৫৫ শতাংশ নম্বর বা সমতুল্য গ্রেড থাকতে হবে। তফসিলি জাতি এবং তফসিলি উপজাতি শ্রেণির পড়ুয়াদের ক্ষেত্রে নম্বরের যোগ্যতায় ৫ শতাংশ ছাড় থাকে।