ইউজিসি নেট ডিসেম্বর ২০২৬-এর আবেদনপত্র সংশোধনের জন্য ‘কারেকশন উইন্ডো’ চালু করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। ২ নভেম্বর থেকে এই সংশোধন প্রক্রিয়া শুরু হয়েছে।
যে সমস্ত প্রার্থী ইতিমধ্যে পরীক্ষার জন্য আবেদন করেছেন, তাঁরা ৪ নভেম্বর, ২০২৬ পর্যন্ত নিজেদের আবেদনপত্রে প্রয়োজনীয় পরিবর্তন করতে পারবেন। সংশোধনের জন্য এনটিএ-র নিজস্ব ওয়েবসাইট ugcnet.nta.nic.in-এ যেতে হবে।
এনটিএ-র তরফে জানানো হয়েছে, আবেদনপত্রে দেওয়া সমস্ত তথ্য ভাল করে যাচাই করে নেওয়া জরুরি। প্রার্থীর নাম, বাবা ও মায়ের নাম, লিঙ্গ, জন্মতারিখ, শ্রেণি, বিশেষ ভাবে সক্ষম সংক্রান্ত তথ্য, মোবাইল নম্বর, ই-মেল ঠিকানা, ছবি, স্বাক্ষর এবং পরীক্ষা কেন্দ্রের শহর নির্বাচনের মতো বিষয়গুলি ঠিক রয়েছে কি না, তা দেখে নিতে হবে। সংশোধনের সময়সীমা শেষ হয়ে যাওয়ার পর আবেদনপত্রের কোনও তথ্য বা আপলোড করা ছবি ও স্বাক্ষর পরিবর্তনের অনুরোধ গ্রহণ করবে না এনটিএ।
কী ভাবে আবেদনপত্র সংশোধন করবেন?
১। প্রথমে ইউজিসি নেট-এর নিজস্ব ওয়েবসাইট ugcnet.nta.nic.in খুলতে হবে।
২। হোমপেজে থাকা ‘ইউজিসি নেট ডিসেম্বর ২০২৬ কারেকশন উইন্ডো’ লিঙ্কে ক্লিক করতে হবে।
৩। নতুন পেজ খুললে প্রয়োজনীয় রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য দিয়ে লগ-ইন করতে হবে।
৪। লগ-ইন করার পর যে আবেদনপত্রটি দেখা যাবে, সেখানে দেওয়া তথ্যগুলি ভাল করে যাচাই করতে হবে।
৫। প্রয়োজনীয় সংশোধন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে।
৬। সংশোধিত আবেদনপত্রের কনফার্মেশন পেজ ডাউনলোড করে তার একটি প্রিন্টআউট নিজের কাছে রাখতে হবে।
কবে প্রকাশিত হবে সিটি ইন্টিমেশন স্লিপ ও অ্যাডমিট কার্ড?
এনটিএ-র সূচি অনুযায়ী, আগামী ২৩ নভেম্বর সিটি ইন্টিমেশন স্লিপ প্রকাশ করা হবে। পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে ৭ ডিসেম্বর থেকে।
কবে হবে পরীক্ষা?
ইউজিসি নেট ডিসেম্বর ২০২৬ পরীক্ষা হবে ১৪ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত। পরীক্ষার প্রশ্নপত্রে দু’টি বিভাগ থাকবে। দু’টি বিভাগেই থাকবে মাল্টিপল চয়েস প্রশ্ন।
প্রথম বিভাগে থাকবে ৫০টি প্রশ্ন, যার মোট নম্বর ১০০। দ্বিতীয় বিভাগে থাকবে ১০০টি প্রশ্ন, যার মোট নম্বর ২০০। পরীক্ষা দেওয়ার জন্য মোট সময় বরাদ্দ থাকবে ৩ ঘণ্টা।
ভাষার প্রশ্নপত্রগুলি বাদে পরীক্ষার প্রশ্ন ইংরেজি ও হিন্দি—এই দুই ভাষায় থাকবে। আবেদনপত্রে প্রার্থীরা যে ভাষা বেছে নিয়েছেন, সেই ভাষাতেই উত্তর দিতে হবে।