স্বয়ম জুলাই ২০২৬ সেমেস্টারের পরীক্ষার জন্য আবেদন প্রক্রিয়া শুরু করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। আগ্রহী প্রার্থীরা সংস্থার নিজস্ব ওয়েবসাইট exams.nta.nic.in/swayam থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদন জমা দেওয়ার শেষ দিন ৩১ অক্টোবর, ২০২৬। পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ দিন ১ নভেম্বর। আবেদনপত্রে কোনও ভুল থাকলে তা সংশোধনের সুযোগ পাওয়া যাবে ২ থেকে ৩ নভেম্বর পর্যন্ত।
পরীক্ষা কবে?
এনটিএ-র সূচি অনুযায়ী, আগামী ৮, ৯, ১০, ১১ ও ১২ ডিসেম্বর স্বয়ম জুলাই সেমেস্টারের পরীক্ষা হবে। এই পরীক্ষার মাধ্যমে বিভিন্ন বিষয়ে অনলাইন শিক্ষাক্রমের মূল্যায়ন করা হবে।
পরীক্ষা হবে দু’টি শিফটে।
প্রথম শিফট: সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট।
দ্বিতীয় শিফট: বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৬টা।
কোন পদ্ধতিতে হবে পরীক্ষা?
স্বয়ম পরীক্ষায় মোট ৬৬২টি পাঠক্রমের জন্য কম্পিউটারভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। ভাষার বিষয়গুলি ছাড়া প্রশ্নপত্রের মাধ্যম হবে ইংরেজি। ভাষার বিষয়গুলির পরীক্ষা সংশ্লিষ্ট ভাষাতেই হবে। বহুনির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে ভুল উত্তরের জন্য কোনও নেগেটিভ মার্কিং থাকবে না।
কোনও প্রশ্ন ভুল, অস্পষ্ট বা একাধিক সঠিক উত্তরযুক্ত বলে বিবেচিত হলে, যাঁরা প্রশ্নটির উত্তর দিয়েছেন এবং সঠিক উত্তরগুলির মধ্যে কোনও একটি বেছে নিয়েছেন, তাঁদেরই নম্বর দেওয়া হবে।
পরীক্ষার ফি কত?
সাধারণ বিভাগের পরীক্ষার্থীদের একটি পাঠক্রমের জন্য ৭৫০ টাকা দিতে হবে। অতিরিক্ত প্রতিটি পাঠক্রমের জন্য দিতে হবে ৬০০ টাকা।
অন্য দিকে, আর্থিক ভাবে দুর্বল শ্রেণি, অন্যান্য অনগ্রসর শ্রেণি তফসিলি জাতি, উপজাতি এবং বিশেষ ভাবে সক্ষম পরীক্ষার্থীদের একটি পাঠক্রমের জন্য ৫০০ টাকা এবং অতিরিক্ত পাঠক্রমের জন্য ৪০০ টাকা করে দিতে হবে।
কী ভাবে আবেদন করবেন?
১। প্রথমে exams.nta.nic.in/swayam ওয়েবসাইটে যেতে হবে।
২। হোমপেজে স্বয়ম জুলাই ২০২৬-এর রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করতে হবে।
৩। প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৪। এর পরে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় তথ্য যাচাই করে নিতে হবে।
৫। নির্ধারিত আবেদনমূল্য জমা দিতে হবে।
৬। সব তথ্য ঠিক থাকলে আবেদনপত্র জমা দিয়ে নিশ্চিতকরণ পৃষ্ঠাটি ডাউনলোড করে রাখতে হবে এবং ভবিষ্যতের প্রয়োজনে একটি কপি প্রিন্ট করে নিজের কাছেও রাখতে হবে।
আবেদন করার আগে পরীক্ষার নিয়ম, পাঠক্রম নির্বাচন, ফি এবং সময়সূচি সংক্রান্ত নির্দেশিকা সরকারি ওয়েবসাইট থেকে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।