রাজ্যের কলেজগুলিতে স্নাতকে স্তরে ভর্তির প্রক্রিয়ায় আরও এক ধাপ এগোলো রাজ্য সরকার। সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল বা অভিন্ন পোর্টালের মাধ্যমে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট জেনারেল ডিগ্রি কোর্সে ভর্তির জন্য তৃতীয় ফেজ় বা মপ-আপ রাউন্ডের সময়সূচি ঘোষণা করেছে উচ্চশিক্ষা দফতর।
দ্বিতীয় পর্যায় সম্পন্ন হওয়ার পর রাজ্যজুড়ে প্রতিষ্ঠান ও কোর্সভিত্তিক কতগুলি আসন ফাঁকা রয়েছে তার তালিকা পোর্টালে প্রকাশ করা হবে ৮ অগস্ট। মপ-আপ পর্বের জন্য অনলাইন আবেদন গ্রহণ প্রক্রিয়া চলবে ৮ থেকে ১০ অগস্ট। ১৩ অগস্ট মেধাতালিকা এবং আসন বণ্টন তালিকা প্রকাশ করা হবে। ১৩ থেকে ১৫ অগস্ট বরাদ্দ আসনে ভর্তি প্রক্রিয়া চলবে। ১৭ অগস্ট আপগ্রেড রাউন্ডের বরাদ্দ তালিকা প্রকাশ। ১৭ থেকে ১৯ অগস্ট আপগ্রেড হওয়া আসনগুলিতে ভর্তি সম্পন্ন হবে। ২০ থেকে ২২ অগস্ট সংশ্লিষ্ট কলেজে সশরীরে উপস্থিত হয়ে নথিপত্র যাচাইকরণ প্রক্রিয়া আয়োজিত হবে।
কারা আবেদন করতে পারবেন?
উচ্চশিক্ষা দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই তৃতীয় পর্যায় বা মপ-আপ পর্বে মূলত দুই ধরনের আবেদনকারী সুযোগ পাবেন।
১। নতুন আবেদনকারী: যে সব পড়ুয়া এর আগে সেন্ট্রালাইজড পোর্টালে আবেদন করেননি।
২। দ্বিতীয় পর্যায়ের নথিভুক্ত আবেদনকারী: যাঁদের দ্বিতীয় পর্বে কোনও আসন বরাদ্দ হয়নি। যাঁরা দ্বিতীয় পর্বে আসন বরাদ্দ পাওয়ার পর নিজের ভর্তি বাতিল করেছেন। অথবা, দ্বিতীয় পর্বে আসন পাওয়া সত্ত্বেও ভর্তি হননি।
আরও পড়ুন:
রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত কলেজগুলিতে যাতে কোনও শূন্য আসন না থাকে, সেই লক্ষ্যে আগামী ৫ অগস্টের মধ্যেই দ্বিতীয় পর্যায়ের সব ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে নেওয়ার কথা বলা হয়েছে। এর পরই ৮ অগস্ট থেকে নতুন পোর্টাল উইন্ডো খুলবে তৃতীয় পর্বের জন্য। https://banglaruchchashiksha.wb.gov.in বা, https://wbsche.wb.gov.in, এই দু’টি ওয়েবসাইট থেকেই পড়ুয়ারা ভর্তি সংক্রান্ত তথ্য জানতে পারবেন।