এ বছর ‘ইউজিসি নেট জুন ২০২৬’ আয়োজিত হয়েছিল ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত। তবে শেষ পরীক্ষা হয় ৫ জুলাই । অর্থাৎ পরীক্ষা শুরু হওয়ার এক মাসে এবং শেষ হওয়ার পর প্রায় তিন সপ্তাহ অতিক্রান্ত, এখনও প্রকাশিত হল না ‘ইউজিসি নেট’-এর সম্ভাব্য ‘আনসার কি’। সূত্রের খবর, দ্রুত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তরফে প্রকাশ হতে পারে এই পরীক্ষার সম্ভাব্য উত্তর সঙ্কেত।
এক দিকে যখন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি-সহ দেশের একাংশ। তখনই একে একে প্রকাশিত হচ্ছে নানা পরীক্ষার ফল। নিট ইউজি পুনঃপরীক্ষা, সিবিএসই-র দশমের দ্বিতীয় পর্বের পরীক্ষার ফল থেকে দশম শ্রেণির ইমপ্রুভমেন্ট পরীক্ষার ফল ঘোষণা করেছে সিআইএসসিই। তাই এ বার ইউজিসি নেট-এরও সম্ভাব্য উত্তর সঙ্কেত শীঘ্রই প্রকাশ হবে বলে মনে করছেন শিক্ষামহল।
যদিও জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (এনটিএ)-র তরফ থেকে উত্তরপত্র প্রকাশের কোনও নির্দিষ্ট তারিখ এখনও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়নি। চলতি বছরের ২২, ২৩, ২৪, ২৫, ২৯, ৩০ জুন এবং ৫ জুলাই দেশজুড়ে একাধিক পরীক্ষাকেন্দ্রে ইউজিসি নেটের এই লিখিত পরীক্ষা আয়োজিত হয়েছিল। সম্ভাব্য উত্তর সঙ্কেত প্রকাশের পাশাপাশি পরীক্ষার্থীদের নিজেদের উত্তরপত্র এবং প্রশ্নপত্র দেখারও সুযোগ করে দেওয়া হবে। কোনও উত্তরের ক্ষেত্রে কোনও অসঙ্গতি বা আপত্তি থাকলে, পরীক্ষার্থীরা নির্দিষ্ট টাকা জমা দিয়ে তা ‘চ্যালেঞ্জ’ করার সুযোগ পাবেন।
কী ভাবে দেখবেন সম্ভাব্য উত্তর সঙ্কেত?
প্রথমে ‘ইউজিসি নেট’-এর ওয়েবসাইটে (https://ugcnet.nta.nic.in/) যেতে হবে।
‘হোমপেজ’ থেকে সম্ভাব্য উত্তর সঙ্কেতের লিঙ্ক পাওয়া যাবে।
সেখানে গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করে লগ-ইন করলেই মিলবে সম্ভাব্য উত্তর সঙ্কেত। প্রয়োজনে তা ডাউনলোড করা যাবে। কোনও আপত্তি থাকলে নির্দিষ্ট লিঙ্কে গিয়ে আপত্তি জানানোর সুযোগ পাবেন পরীক্ষার্থীরা।
আরও পড়ুন:
চলতি বছর মোট ৮৭টি বিষয়ের পরীক্ষা হয়েছিল। দেশের বিভিন্ন প্রান্তে প্রতিদিন দু’টি শিফটে এই পরীক্ষা নেওয়া হয়। প্রতি বছরই জুন ও ডিসেম্বর মাসে ইউজিসি নেট আয়োজিত হয়। পরীক্ষা আয়োজনের দায়িত্বে থাকে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (এনটিএ)। এটি ‘জুনিয়র রিসার্চ ফেলোশিপ’ প্রদান এবং দেশের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ নিয়োগের জন্য যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা।