জাতীয় আইন বিশ্ববিদ্যালয়গুলির কেন্দ্রীয় সংস্থা ‘এনএলইউ কনসর্টিয়াম’ ক্ল্যাট ২০২৭ পরীক্ষার মাধ্যমে ভর্তির ক্ষেত্রে দু’টি ল বিশ্ববিদ্যালয়ের আসন সংরক্ষণের নিয়মে পরিবর্তন এনেছে। এই বিশ্ববিদ্যালয় দু’টি হল— কলকাতার ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেস (ডব্লিউবিএনইউজেএস) এবং ন্যাশনাল ল’ ইউনিভার্সিটি মেঘালয় (এনএলইউ মেঘালয়)।
যে সব আবেদনকারীর উপর এই নতুন নিয়মের প্রভাব পড়বে, তাঁদের আগামী ৩১ অক্টোবরের মধ্যে নিজেদের আবেদন ফর্মে প্রয়োজনীয় পরিবর্তন করার সুযোগ দেওয়া হয়েছে।
কী কী পরিবর্তন করা হয়েছে?
কলকাতা ডব্লিউবিএনইউজেএস-এ স্নাতক ও স্নাতকোত্তর কোর্সে পশ্চিমবঙ্গের ‘ওবিসি এ’
এবং ‘ওবিসি বি’ বিভাগ দু’টি তুলে দেওয়া হয়েছে। তার জায়গায় শুধু সাধারণ ‘ওবিসি’
ক্যাটেগরি রাখা হয়েছে। প্রার্থীদের আবেদন সংশোধন করার আগে ওয়েবসাইটের নতুন নির্দেশিকা ভাল ভাবে দেখে নিতে বলা হয়েছে।
অন্য দিকে, এনএলইউ মেঘালয়ের ক্ষেত্রে নতুন কয়েকটি সংরক্ষিত বিভাগ যুক্ত করা হয়েছে। মেঘালয়ের ‘খাসি ও জয়ন্তিয়া’, ‘গারো’ এবং অন্যান্য তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায় যুক্ত করা হয়েছে। মেঘালয়ের স্থায়ী বাসিন্দারা যোগ্যতা অনুযায়ী এই নতুন বিভাগে আবেদন করতে পারবেন।
কী ভাবে আবেদনপত্র সংশোধন করবেন?
প্রার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের ক্ল্যাট অ্যাকাউন্টে লগইন করতে হবে। এর পর ‘এডিট অ্যাপ্লিকেশন ফর্ম’-এ গিয়ে ‘রিজ়ার্ভেশনস’ বিকল্পটি বেছে নিতে হবে। সেখানে নিজের রাজ্য নির্বাচন করে সঠিক সংরক্ষণ ক্যাটাগরি বেছে নিয়ে ফর্মটি ‘সেভ বা সাবমিট’ করতে হবে। কেবল যোগ্য প্রার্থীরাই এই সংশোধন করতে পারবেন।
আরও পড়ুন:
প্রসঙ্গত, আগামী ৬ ডিসেম্বর দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত ক্ল্যাট ২০২৭ আয়োজিত হবে। তবে এ বার পরীক্ষাকেন্দ্রের তালিকা থেকে ভেলোর ও তিরুবরুর শহর দু’টিকে বাদ দেওয়া হয়েছে। কোনও সহায়তার প্রয়োজন হলে প্রার্থীরা ইমেল (clat@consortiumofnlus.ac.in) অথবা হেল্পডেস্ক নম্বরে যোগাযোগ করতে পারেন বলে জানানো হয়েছে।