উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারে ১৬টি বিশেষ সুবিধার কথা ঘোষণা করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। বৃহস্পতিবার, এই মর্মে শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আগামী ২১ সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হবে। চলবে ৭ অক্টোবর পর্যন্ত। যেখানে সব পরীক্ষার্থীর জন্য নির্ধারিত দেড় ঘণ্টা সময়। যদিও বিশেষ ভাবে সক্ষম পরীক্ষার্থীরা অতিরিক্তি ৩০ মিনিট সময় পাবে। অর্থাৎ তাদের পরীক্ষা ২ ঘণ্টার মধ্যে শেষ করতে হবে। যে সব বিষয়ের পরীক্ষার নির্ধারিত সময় ১ ঘণ্টা, সেখানে অতিরিক্ত ২০ মিনিট সময় পাওয়া যাবে।
পাশাপাশি, নিজে উত্তর লিখতে অক্ষম প্রার্থীরা ‘রাইটার’ বা শ্রুতিলিপিকার নিতে পারবেন বলে জানানো হয়েছে। কেবল প্রশ্নপত্র পড়ে শোনানোর জন্য ‘রিডার’ এবং মূক ও বধির পরীক্ষার্থীদের জন্য সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার রাখা যাবে।
এ ছাড়াও, বিশেষ ধরনের চেয়ার-টেবিল, আলাদা ঘরের ব্যবস্থা করা হবে। পরীক্ষা চলাকালীন কক্ষে অভিভাবক বা পরিচর্যাকারীর উপস্থিতির অনুমতি দেওয়া হবে। বিশেষ পরিস্থিতিতে হাসপাতালে বসেও পরীক্ষায় বসা যাবে বলেই জানিয়েছে শিক্ষা সংসদ। দৃষ্টিহীন বা দৃষ্টিপ্রতিবন্ধী পরীক্ষার্থীরা স্কেচ পেন, ম্যাগনিফাইয়িং গ্লাস ও অন্য প্রয়োজনীয় সহায়ক যন্ত্র নিয়ে পরীক্ষা দিতে পারবেন। স্কুলে প্রয়োজনীয় উপস্থিতির ক্ষেত্রে ২০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে। এ ছাড়া এই পরীক্ষার্থীদের ক্ষেত্রে কোনও সর্বোচ্চ বয়ঃসীমা রাখা হচ্ছে না।
সংসদের তরফে জানানো হয়েছে, এই সুবিধাগুলি পাওয়ার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে দ্রুত সংসদের নিজস্ব পোর্টালে গিয়ে আবেদন নথিভুক্ত করতে হবে। বিশেষ ভাবে সক্ষম ছাত্রছাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয়, সে বিষয়ে প্রধানশিক্ষকদের বিশেষ ভাবে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
উল্লেখ্য, এর আগেও সংসদের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছিল, ২০২৭ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমেস্টারে ‘চিলড্রেন উইথ স্পেশ্যাল নিডস’ (সিডব্লুউসিএন) পরীক্ষার্থীরা নির্দিষ্ট নিয়ম মেনে বাড়তি সময়, লেখক অথবা দোভাষীর সুবিধা নিতে পারবে। দুর্ঘটনা বা চিকিৎসাজনিত কারণে সাময়িক ভাবে লেখার ক্ষমতা হারানো পরীক্ষার্থীরাও এই সুবিধা দেওয়া হবে।
দুর্ঘটনা বা চিকিৎসাজনিত কারণে সাময়িক অক্ষমতা তৈরি হলে শুধুমাত্র বাড়তি সময় এবং লেখকের সুবিধা দেওয়া হবে। সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের সুবিধা পাওয়ার জন্য নির্দিষ্ট পদ্ধতিতে আবেদন করার কথাও জানানো হয়েছিল শিক্ষা সংসদের তরফে।