গেট ২০২৬-এর ফলের ভিত্তিতে ইঞ্জিনিয়ার ট্রেনি পদে নিয়োগের পরিকল্পনা করেছে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (পাওয়ারগ্রিড)।
ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, সিভিল এবং কম্পিউটার সায়েন্স—এই চারটি শাখায় সদ্য স্নাতক ইঞ্জিনিয়ারদের নিয়োগ করা হবে। সংস্থার তরফে জানানো হয়েছে, ২০২৭ সালের ফেব্রুয়ারি-মার্চ মাসে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার কথা। আবেদন জমা দেওয়ার শেষ সময় মার্চ ২০২৭।
কোন শাখায় নিয়োগ?
গেট ২০২৬-এর সংশ্লিষ্ট বিষয়ে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে। শাখা অনুযায়ী পরীক্ষার বিষয়গুলি হল—
ইঞ্জিনিয়ার ট্রেনি (ইলেকট্রিক্যাল): ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইই)
ইঞ্জিনিয়ার ট্রেনি (ইলেকট্রনিক্স): ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন (ইসি)
ইঞ্জিনিয়ার ট্রেনি (সিভিল): সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই)
ইঞ্জিনিয়ার ট্রেনি (কম্পিউটার সায়েন্স): কম্পিউটার সায়েন্স (সিএস)
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীদের সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। পড়ুয়ার প্রাক্-চূড়ান্ত পরীক্ষা পর্যন্ত সমস্ত সেমেস্টার বা বছরের নম্বর মিলিয়ে অন্তত ৬০ শতাংশ নম্বর অথবা সমতুল্য সিজিপিএ থাকতে হবে।
কী ভাবে হবে প্রার্থী নির্বাচন?
নিয়োগের ক্ষেত্রে তিনটি বিষয় বিবেচনা করা হবে—
১। গেট ২০২৬-এর সংশ্লিষ্ট পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বর।
২। দলগত আলোচনা (গ্রুপ ডিসকাশন)।
৩। ব্যক্তিগত সাক্ষাৎকার (পার্সোনাল ইন্টারভিউ)।
কত টাকা আবেদন ফি?
সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি ৫০০ টাকা। অনলাইনে এই ফি জমা দিতে হবে। একবার জমা দেওয়া আবেদন ফি ফেরতযোগ্য নয়। তবে তফসিলি জাতি, উপজাতি, বিশেষ ভাবে সক্ষম, প্রাক্তন সেনাকর্মী এবং সংস্থার বিভাগীয় প্রার্থীদের আবেদন ফি দিতে হবে না।
আবেদনপত্র জমা দেওয়ার পরে প্রার্থীদের নিজেদের লগ-ইন অ্যাকাউন্টে গিয়ে অনলাইনে ফি জমা করতে হবে। ফি জমা হলেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ বলে গণ্য হবে।