স্টাফ সিলেকশন কমিশনের (এসএসসি) তরফে জুনিয়র ইঞ্জিনিয়ার (জেই) পরীক্ষা ২০২৬-এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহীরা কমিশনের নিজস্ব ওয়েবসাইট ssc.gov.in -এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপত্র পূরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করা যাবে।
কমিশন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১,৭৪৮টি পদে নিয়োগ করা হবে। এসএসসি জেই ২০২৬-এর প্রথম পত্রের কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা (প্রথম পত্র) অক্টোবর বা নভেম্বর ২০২৬-এ আয়োজন করা হতে পারে। দ্বিতীয় পত্রের পরীক্ষা ডিসেম্বর ২০২৬-এ নেওয়া হতে পারে। ভারত সরকারের বিভিন্ন দফতরে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগের জন্য এই পরীক্ষা নেওয়া হবে। পাশাপাশি, ভারতের আবহাওয়া দফতরে (আইএমডি) সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের পরীক্ষাও এই প্রক্রিয়ার অন্তর্ভুক্ত।
আবেদনের সময়সীমা
আরও পড়ুন:
২ সেপ্টেম্বর ২০২৬ থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। ফর্ম জমা দেওয়া যাবে আগামী ২২ সেপ্টেম্বর রাত ১১টা পর্যন্ত। প্রার্থীরা আবেদন ফি জমা দিতে পারবে ২৩ সেপ্টেম্বর রাত ১১টা পর্যন্ত। আবেদন সংশোধনের সুযোগ থাকবে ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর রাত ১১টা পর্যন্ত।
আবেদন ফি
সাধারণ শ্রেণির পুরুষ প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকা। মহিলা প্রার্থী এবং এসসি, এসটি ও বিশেষ ভাবে সক্ষম (পিডব্লিউডি) প্রার্থীদের ফি দিতে হবে না। আবেদনের আগে প্রার্থীদের কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত নিজস্ব বিজ্ঞপ্তি দেখে তাঁদের শিক্ষাগত যোগ্যতা, বয়ঃসীমা, পরীক্ষার ধরন ও পাঠ্যসূচি যাচাই করে নিতে হবে। প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পূর্ণ করে সেই নথি সংরক্ষণ করে রাখতে হবে।